গুগলের এআই চিপ কেনার পরিকল্পনা করছে ওপেনএআই

গুগলের এআই চিপ কেনার পরিকল্পনা করছে ওপেনএআই
২৮ অক্টোবর, ২০২৬ ০৯:১৩  

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দুই মূল প্রতিদ্বন্দ্বী ওপেনএআই এবং অ্যালফাবেটের গুগলের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই এখন সরাসরি গুগলের তৈরি নিজস্ব এআই চিপ- টেনসর প্রসেসিং ইউনিট বা ‘টিপিইউ’ কেনার পরিকল্পনা করছে। 

সম্প্রতি ওপেনএআই তাদের ফ্রন্টিয়ার এআই মডেলগুলোকে ‘গুগল ক্লাউড’-এর মাধ্যমে উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর, চিপ কেনার এই উদ্যোগ দুটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক চুক্তি হিসেবে সামনে এল।

এনভিডিয়ার বিকল্প হিসেবে গুগলের টিপিইউ
বিশ্বব্যাপী এআই চিপের বাজারে বর্তমানে এনভিডিয়ার প্রসেসরের চরম চাহিদা ও সরবরাহ সংকট বিদ্যমান। ফলে এনভিডিয়ার বিকল্প ও সাশ্রয়ী মাধ্যম হিসেবে গুগলের টিপিইউ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। চলতি বছর থেকে গুগল সরাসরি নির্দিষ্ট কিছু গ্রাহকের কাছে টিপিইউ বিক্রি করা শুরু করেছে।

পূর্বে এনভিডিয়া চিপের অন্যতম প্রধান ক্রেতা হলেও, ওপেনএআই ২০২৫ সালের মধ্যভাগ থেকেই গুগলের টিপিইউ ভাড়া নিয়ে ব্যবহার করে আসছিল। এ ছাড়া মার্কিন চিপমেকার প্রতিষ্ঠান ‘ব্রডকম’-এর সহায়তায় নিজস্ব চিপ তৈরির উদ্যোগ এবং ক্লাউড পার্টনারদের সঙ্গে সমন্বয়- উভয় পদ্ধতিতেই ওপেনএআই তাদের বিপুল কম্পিউটিং চাহিদা মেটানোর চেষ্টা চালাচ্ছে।

এআই অবকাঠামো বিনিয়োগ ও মুনাফার সময়কাল
অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলের মতো মেগা-ক্যাপ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চলতি বছরে এআই অবকাঠামো নির্মাণে সম্মিলিতভাবে প্রায় ৬০০ বিলিয়ন (৬০,০০০ কোটি) ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তবে এই বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ থেকে কখন বড় অঙ্কের বাণিজ্যিক রিটার্ন বা মুনাফা আসবে, তা নিয়ে সংশয় রয়েছে বাজার বিশ্লেষকদের। 

এ প্রসঙ্গে গুগলের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আনাত আশকেনাজি জানিয়েছেন, অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের মতো বড় গ্রাহকদের কাছে টিপিইউ বিক্রি ও লিজের চুক্তি থেকে মূল আয়ের বড় অংশ ২০২৭ সালের দিকে গুগলের ব্যালেন্স শিটে দৃশ্যমান হবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স