৪০ কোটি ডলার জরিমানা গুনছে টিকটক
শিশুদের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এক আলোচিত মামলা নিষ্পত্তিতে মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। এই সমঝোতার আওতায় মার্কিন সরকারকে ৪০ কোটি মার্কিন ডলার প্রদান করবে টিকটক।
শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন বা 'কোপ্পা' লঙ্ঘনের ইতিহাসে এটি অন্যতম বড় অঙ্কের অর্থ পরিশোধের ঘটনা।
মামলার পটভূমি ও মূল অভিযোগ
২০২৪ সালে তৎকালীন জো বাইডেন প্রশাসনের মেয়াদে মার্কিন বিচার বিভাগ টিকটকের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেয়। অভিযোগে বলা হয়, টিকটক এবং এর পূর্বসূরি অ্যাপ ‘মিউজিক্যালি’ ১৩ বছরের কম বয়সী শিশুদের মা-বাবার অনুমতি ছাড়াই অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়। একই সঙ্গে ‘কিডস মোড’ ব্যবহারকারী শিশুদের ইমেইলসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ করা হচ্ছিল।
এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে সন্তানদের অ্যাকাউন্ট ও ডেটা মুছে ফেলার অনুরোধ করা হলেও কোম্পানিটি তা বাস্তবায়নে বারবার ব্যর্থ হয়েছে, যা মার্কিন প্রযুক্তি আইনের স্পষ্ট লঙ্ঘন।
অবকাঠামোগত পরিবর্তন ও চুক্তির শর্ত
মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মামলাটি হওয়ার পর থেকে টিকটকের মালিকানা কাঠামো, ব্যবস্থাপনা ও ব্যবহারকারীদের নিরাপত্তা নীতিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা পরিচালনায় ওরাকল, সিলভার লেক এবং এমজিএক্স-এর মতো বড় প্রতিষ্ঠানের বিনিয়োগে একটি যৌথ সত্ত্বা গঠিত হয়েছে, যেখানে বাইটড্যান্সের হাতে রয়েছে ১৯.৯ শতাংশ শেয়ার। নতুন এই কাঠামোর অধীনে অল্পবয়সী ব্যবহারকারীদের জন্য বয়সের কড়াকড়ি এবং অভিভাবকদের নজরদারির সুযোগ অনেক শক্তিশালী করা হয়েছে।
সমঝোতার চুক্তি অনুযায়ী, টিকটক তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার পরিশোধ করবে। বাকি ১০ কোটি ডলার পূর্বে কার্যকর থাকা মিউজিক্যালির একটি আইনি আদেশ আদালত আনুষ্ঠানিকভাবে বাতিল করার পর প্রদান করা হবে। এই অর্থদণ্ডের মধ্য দিয়ে টিকটক দীর্ঘদিনের একটি বড় আইনি জটিলতা কাটিয়ে উঠল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





