ভিশন প্রো ও সিরি টিমের দুই শতাধিক কর্মী ছাঁটাই করল

ভিশন প্রো ও সিরি টিমের দুই শতাধিক কর্মী ছাঁটাই করল
২২ আগষ্ট, ২০২৬ ১৪:৪৯  

স্মার্ট চশমা ও পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে অগ্রাধিকার দিতে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটি তাদের মিক্সড রিয়েলিটি ‘ভিশন প্রো’ হেডসেট এবং কণ্ঠচালিত সহকারী ‘সিরি’র সফটওয়্যার বিভাগ থেকে দুই শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে। 

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যানের এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। জানা গেছে, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় ১০০ জন ভিশন প্রো বিভাগে এবং বাকি ১০০ জন সিরি ও অন্যান্য সফটওয়্যার উন্নয়ন টিমে কর্মরত ছিলেন। 

কাজের ক্ষেত্র ও প্রযুক্তিগত রিল্যায়নমেন্ট
ভিশন প্রো বিভাগের ক্ষেত্রে ছাঁটাইয়ের প্রভাব পড়েছে মূলত গেমিং এবং ইমারসিভ বা ত্রিমাত্রিক ভিডিও তৈরির সঙ্গে যুক্ত দলগুলোর ওপর। অতি উচ্চ উৎপাদন খরচের তুলনায় ভিশন প্রোর ব্যবহারকারীর সংখ্যা সীমিত হওয়ায় এই খাতে বিনিয়োগ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অন্যদিকে সিরি বিভাগের ক্ষেত্রে পরিবর্তনটি মূলত প্রযুক্তিগত বিবর্তনের অংশ। পুরোনো কাঠামোর সিরি বাদ দিয়ে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম-ভিত্তিক নতুন এআই সিরি তৈরি করছে অ্যাপল, যার জন্য নতুন দক্ষতার কর্মী প্রয়োজন হচ্ছে। 

ভবিষ্যৎ পরিকল্পনা ও অ্যাপলের বক্তব্য
এক বিবৃতিতে অ্যাপল টিমের এই পুনর্বিন্যাসের কথা স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিবর্তনশীল পণ্যের তালিকার ওপর ভিত্তি করে তারা কিছু পদের বিলুপ্তি ঘটাচ্ছে, তবে একই সঙ্গে নতুন পদও তৈরি করা হচ্ছে। বিদায়ী কর্মীদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে অ্যাপল তাদের রূপান্তরকালে সব ধরনের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের অন্যান্য পদে আবেদনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। 

তিন হাজার ৬৯৯ ডলারের চড়া মূল্য এবং ব্যবহারের জটিলতার কারণে ভিশন প্রো হেডসেটটি বাজারে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। ফলে অ্যাপল আপাতত মেটার চশমার আদলে তৈরি এআই স্মার্ট গ্লাসের দিকে নজর দিচ্ছে। তবে ভিশন প্রো প্রকল্প পুরোপুরি বন্ধ হচ্ছে না। 

অ্যাপল তাদের কর্মীদের নিশ্চিত করেছে যে ভিশনওএস অপারেটিং সিস্টেম চালুর প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং ২০২৮ সালের দিকে নতুন কোনো মডেল বাজারে আনা হতে পারে। 

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট