নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্ব

• রেমিট্যান্স, ফান্ড ট্রান্সফার ও ডিজিটাল লেনদেন প্রসারে চুক্তি।
• ন্যানো লোন ও মাইক্রো ডিপিএস সেবা চালুর যৌথ পরিকল্পনা।
• সিস্টেম ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে রেমিট্যান্স পৌঁছাবে।

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্ব
২০ আগষ্ট, ২০২৬ ১৪:৫১  

গ্রাহকদের দ্রুত, নিরবচ্ছিন্ন ও আধুনিক ডিজিটাল আর্থিক সেবা দিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) রাজধানীর গুলশান-১ পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে রেমিট্যান্স ও ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য ডিজিটাল লেনদেন সুবিধার প্রসার ঘটবে এবং উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিধি বাড়বে।

চুক্তিতে নগদের পক্ষে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্স নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে প্রবাসীদের স্বজনদের কাছে সহজে পৌঁছে দেওয়া হবে। এছাড়া গ্রাহক অনবোর্ডিং সহজীকরণ এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সিস্টেম ইন্টিগ্রেশন সম্পন্ন করা হচ্ছে, যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ নির্বিঘ্নে রেমিট্যান্সের অর্থ উত্তোলন করতে পারেন। সম্প্রতি নগদ ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর’ সুবিধাও চালু করেছে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, প্রথাগত ব্যাংকিং পরিচালনা বেশ ব্যয়বহুল। ডিজিটাল লেনদেনের প্রসার প্রতিষ্ঠানগুলোর পরিচালন খরচ কমিয়ে আনে। নগদ সেই লক্ষ্যেই কাজ করছে এবং ভবিষ্যতে এই অংশীদারত্ব আরও শক্তিশালী হবে।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন জানান, ন্যানো লোন ও মাইক্রো ডিপিএসসহ সম্ভাব্য সব ধরনের ডিজিটাল সেবা যৌথভাবে গ্রাহকদের দিতে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার শামসুল হক সুফিয়ানি, সিআইটিও ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মো. তানজিম মোরশেদ ভূঁইয়া, হেড অব করপোরেট ব্যাংকিং ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এসকে. পারভেজ মারাকার উপস্থিত ছিলেন। নগদের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, হেড অব রেমিট্যান্স মো. এহসানুল হক বাশার, হেড অব ব্যাংক অ্যান্ড এফআই ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র ম্যানেজার শাহ ইমরান এবং সিনিয়র ম্যানেজার পাইক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এলপিআর/এমআইএস//