ঢাকায় রবির নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, চট্টগ্রামে শিগগিরই
- ৪,৮০০ সাইটে ৪জি/৫জি রেডি ‘গিগা গ্রিন’ প্রযুক্তি স্থাপন।
- গ্রাহক অভিজ্ঞতা ১২৫% বৃদ্ধি ও কলড্রপ ২০% হ্রাস।
- বিদ্যুৎ খরচ ২০% কমেছে,
বৃহত্তর ঢাকায় মোবাইল নেটওয়ার্ক আধুনিকায়নের মাধ্যমে অত্যাধুনিক সংযোগ সেবা নিশ্চিত করেছে রবি আজিয়াটা পিএলসি। ১৯ আগস্ট, বুধবার রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে নতুন প্রজন্মের বিদ্যুৎ সাশ্রয়ী "গিগা গ্রিন ৪জি/৫জি রেডি" প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে এই আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে নেটওয়ার্ক আধুনিকায়নের কারিগরি বিবরণ তুলে ধরেন রবির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেরিহান এলহামে আহমেদ মেতাওয়েহ। এতে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটি জানায়, ঢাকা, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বৃহত্তর অঞ্চলে ৪,৮০০টির বেশি সাইট সফলভাবে আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে বিভিন্ন ক্লাস্টারে গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে, কলড্রপ কমেছে ২০ শতাংশ এবং ইনডোরে সংযোগ তিন গুণ শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রতি জিবি ডাটা ব্যবহারে বিদ্যুৎ খরচ কমেছে ২০ শতাংশ। এই আধুনিকায়ন রবির ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড 'সার্কেল'-এর গ্রাহকদের গেমিং, স্ট্রিমিং ও উচ্চগতির ডাটা ব্যবহারে কার্যকর সুবিধা দেবে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ঢাকায় এখন রবির নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী এবং শিগগিরই চট্টগ্রামের আধুনিকায়ন সম্পন্ন হবে। তিনি আরও উল্লেখ করেন, ঢাকার প্রতিটি এলাকায় সমমানের সেবা পৌঁছে দিতে নতুন সাইট স্থাপনের জায়গা প্রাপ্তিতে মন্ত্রণালয় ও বিটিআরসির জরুরি সহযোগিতা প্রয়োজন।
প্রসঙ্গত, ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকে রবি নেটওয়ার্ক সম্প্রসারণে ৯,৩৩১ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। এর ফলে রবির ৪জি সাইট সংখ্যা বেড়ে ১৯,৬৪৬টিতে এবং স্পেকট্রাম ৩.৪ গুণ বেড়ে ১২৪ মেগাহার্টজে উন্নীত হয়েছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ৭২১.৬ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে দেশের মোট জনসংখ্যার ৯৮.৯৮ শতাংশকে ৪জি নেটওয়ার্ক কভারেজের আওতায় এনেছে প্রতিষ্ঠানটি। //ডিবিটেক/জেডপি/এমআইএস//





