লাইন-৬-এর চার পিয়ারে কাজ শেষ, বিয়ারিং প্যাড ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মেট্রোরেল নিরাপত্তায় স্টিল ব্র্যাকেট, ক্র্যাক গেজ স্থাপন

  • চার পিয়ারে ১০টি স্টিল ব্র্যাকেট স্থাপন শেষ
  • ২২টি নতুন বিয়ারিং প্যাড কেনার প্রক্রিয়া চলছে
  • ক্র্যাক পর্যবেক্ষণ ও ওসিএস নিরাপত্তা কার্যক্রম জোরদার

মেট্রোরেল নিরাপত্তায় স্টিল ব্র্যাকেট, ক্র্যাক গেজ স্থাপন
১১ আগষ্ট, ২০২৬ ০০:৪২  

মেট্রোরেল লাইন-৬-এর কাঠামোগত ও পরিচালন নিরাপত্তা জোরদারে সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে স্টিল ব্র্যাকেট, বিয়ারিং প্যাড ও ক্র্যাক গেজ স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। উচ্চ আদালতের নির্দেশনায় গুরুত্ব পাওয়া চারটি পিয়ারে ইতোমধ্যে ১০টি স্টিল ব্র্যাকেট স্থাপনের কাজ শেষ হয়েছে।

ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে ১০ আগস্ট, সোমবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই দিন সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়ন কমিটির ষষ্ঠ সভায় সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশনায় গুরুত্ব পাওয়া পিয়ার-৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮-এ মোট ১০টি স্টিল ব্র্যাকেট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে পিয়ার-৪৪৮-এর বিয়ারিং প্যাড স্থাপনও শেষ হয়েছে। বর্তমানে মজুদ থাকা পাঁচটি বিয়ারিং প্যাড দ্রুত প্রতিস্থাপনের কাজ চলছে। পাশাপাশি আরও ২২টি বিয়ারিং প্যাড কেনার প্রক্রিয়া চলমান।

কাঠামোর বসে যাওয়া বা সেটেলমেন্ট পর্যবেক্ষণে ২৭টি পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি মার্কার কেনা হয়েছে। একই সঙ্গে ২৭টি ক্র্যাক গেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার দুটি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।

পিয়ার হেড ও বক্স গার্ডারে থাকা ক্র্যাকের স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-কে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো কাঠামোর বিভিন্ন স্থানে মোট ১০২টি ক্র্যাক গেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনটি কেনা হয়েছে এবং বাকি গেজ সংগ্রহের প্রক্রিয়া চলছে।

মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেম (ওসিএস) ও বৈদ্যুতিক ব্যবস্থায় স্পার্কিংয়ের সমস্যাও প্রকৌশলী দল তদন্ত করেছে। এ সমস্যা সমাধানে ইনসুলেটেড ওভারল্যাপ (আইওএল) পুনর্নির্ধারণের জন্য নকশা পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে।

এ ছাড়া সব স্টেশন ও বিদ্যুৎকেন্দ্রের ওয়াটারপ্রুফিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে ডিএমটিসিএল। বিদ্যুৎ বিভ্রাটের সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ জরুরি সেবা লাইভ-টেস্টও সফলভাবে সম্পন্ন হয়েছে।

ডিএমটিসিএল জানায়, তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি সেফটি অডিট কমিটির মধ্যমেয়াদি সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতিও শুরু হয়েছে। আদালতের নির্দেশনা ও বিশেষজ্ঞদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর কাঠামোগত ও পরিচালন নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করছে সংস্থাটি।
//ডিবিটেক/ ডিপিও/এসএমই//