বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ ফি শূন্য ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

  • আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর (Bangla QR) লেনদেনে চালু হচ্ছে শূন্য শতাংশ ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (IRF)
  • পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের নতুন নির্দেশনায় কমে যাবে ব্যাংক ও এমএফএস (MFS) প্রতিষ্ঠানগুলোর আন্তঃপ্রতিষ্ঠানিক সেবামাশুল
  • ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রাহক পর্যায়ে ডিজিটাল লেনদেন আরও দ্রুত প্রসার পাবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলা কিউআর লেনদেনে ইন্টারচেঞ্জ ফি শূন্য ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
১০ আগষ্ট, ২০২৬ ১৭:৫৮  

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬: দেশে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা আরও গতিশীল ও সম্প্রসারিত করতে বড় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলা কিউআর (Bangla QR) কোডভিত্তিক সব ধরনের পেমেন্টে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (IRF) শূন্য শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে (PSO) নির্দেশনাটি বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে কোনো ইস্যুকারী প্রতিষ্ঠান (Issuer) অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের (Acquirer) কাছ থেকে কোনো প্রকার সেবা মাশুল বা চার্জ দাবি করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংক জানায়, এর আগে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি এবং চলতি ২০২৬ সালের ১ জুলাই জারি করা বাংলা কিউআর সংক্রান্ত সার্কুলারের প্রযোজ্য নির্দেশনাগুলো সংশোধিত ও বাতিল হিসেবে গণ্য হবে। তবে অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

২০২৬ সালের ১ জুলাই থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ বাধ্যতামূলক করে কেন্দ্রীয় ব্যাংক। একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও এমএফএস (যেমন—বিকাশ, নগদ, রকেট) গ্রাহকদের থেকে নির্বিঘ্নে টাকা নেওয়ার সুযোগ থাকায় ইন্টারচেঞ্জ ফি তুলে দেওয়ার এ সিদ্ধান্ত ব্যবসায়ী পর্যায়ে ডিজিটাল পেমেন্ট গ্রহণের খরচ বহুগুণ কমিয়ে আনবে।
//ডিবিটেক/ বিএনও/ এসএমই//