অ্যাপল ওয়াচের ডিজাইনে বড় পরিবর্তনের আভাস
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের জনপ্রিয় স্মার্টওয়াচ সিরিজের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে। প্রচলিত আয়তাকার ফ্রেমের বাইরে গিয়ে নতুন রূপ ও কাঠামোর ঘড়ি তৈরির বিষয়টি বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যানের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন টিম গত এক বছর ধরে অ্যাপল ওয়াচ সিরিজের এই সামগ্রিক পরিবর্তনের ওপর কাজ করছে।
ডিসপ্লেবিহীন ট্র্যাকার ও গোলাকার ডিসপ্লে
নতুন এই পরিকল্পনার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ডিসপ্লে বা পর্দাবিহীন একটি বিশেষ ফিটনেস ট্র্যাকার তৈরির ভাবনা। বাজার চলতি 'হুপ' কিংবা গুগলের 'ফিটবিট এয়ার'-এর মতো ফিটনেস ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতেই এই পদক্ষেপে নজর দিচ্ছে অ্যাপল। এ ছাড়া বিভিন্ন আকার ও ডিসপ্লে ক্যাটাগরির স্মার্টওয়াচ মূল্যায়নের পাশাপাশি একটি গোলাকার অ্যাপল ওয়াচের ডিজাইন নিয়েও পরীক্ষা চালানো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, গোলাকার ঘড়িটি হয়তো শেষ পর্যন্ত বাজারে না-ও আসতে পারে।
প্রিমিয়াম এবং সাশ্রয়ী সংস্করণ
সিরিজটি সম্প্রসারণের অংশ হিসেবে শুধু বিদ্যমান 'অ্যাপল ওয়াচ এসই' দিয়ে বাজেট ফ্রেম না রেখে, আরও সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টওয়াচ আনার কথা ভাবছে অ্যাপল। একই সঙ্গে অতি-উচ্চমানের বা প্রিমিয়াম ক্যাটাগরিতেও যুক্ত হতে পারে নতুন মডেল। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী ২০২৭ সালের মধ্যে ব্র্যান্ডটি তাদের জনপ্রিয় 'সিরামিক বডি' কেসিং সংস্করণটি আবার বাজারে ফিরিয়ে আনতে পারে।
নতুন রঙের ব্যান্ড ও ফিচারের প্রস্তুতি
শুধু ডিভাইসের বডিই নয়, ব্যবহারকারীদের অভিজ্ঞতা বৈচিত্র্যময় করতে নতুন রঙের স্ট্র্যাপ বা ব্যান্ড এবং ভিন্ন কালার অপশন আনারও জোর প্রস্তুতি চলছে। স্মার্ট রিং এবং পর্দা ছাড়া ফিটনেস ব্যান্ডের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে স্মার্টওয়াচের চিরাচরিত বাজার ধরে রাখতে এবং সব ধরনের গ্রাহকের চাহিদা মেটাতে অ্যাপল নিজেদের এই ডিভাইসের পোর্টফোলিও বেশ জোরেশোরেই পুনর্গঠন করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: জিএসএম এরিনা





