ফ্যাসিবাদ দমনে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কনসাল জেনারেলের

লস অ্যাঞ্জেলেসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

লস অ্যাঞ্জেলেসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
৭ আগষ্ট, ২০২৬ ০০:৫৯  

​বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে ৫ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং এরপর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

​আলোচনা পর্বে জুলাই যোদ্ধা ও তরুণ সমাজের প্রতিনিধিরা গণঅভ্যুত্থানকালীন তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন।

 

বক্তারা উল্লেখ করেন যে, দীর্ঘদিনের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন, সীমাহীন দুর্নীতি, দুঃশাসন, বিচারহীনতা, ভোটাধিকার হরণ এবং ভিন্নমত দমনের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভই জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়। তারা জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং তাঁর সহযোগীদের যথাযথ বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান। একই সাথে, গণঅভ্যুত্থানকালে আন্তর্জাতিক পরিমণ্ডলে জনমত গঠনে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও আলোচনায় উঠে আসে।

​সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, ছাত্র-জনতার অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জুলাইয়ের বিজয় ও এর চেতনাকে সমুন্নত রাখা আমাদের সকলের দায়িত্ব। দেশ ও সরকারকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পতিত ফ্যাসিবাদী শক্তি যেন দেশের শান্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সর্বদা সজাগ থাকার অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
​//ডিবিটেক/এমএএন/ইএসএম//