একটি এফএসআরইউ চালুর কাজ শেষ পর্যায়ে; বিকেল থেকেই সঞ্চালন শুরুর আশা জ্বালানি মন্ত্রীর

২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ সংকট কাটাবে

দেশে চলমান গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ৬ আগস্ট, বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পুনরায় চালুর কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং সেটি চালু হলে পর্যায়ক্রমে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু করা হবে।

২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ সংকট কাটাবে
৬ আগষ্ট, ২০২৬ ১৬:৪৯  

ঢাকা, ০৬ আগস্ট ২০২৬: দেশে চলমান গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পুনরায় চালুর কাজ শেষ পর্যায়ে থাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল থেকেই সঞ্চালন শুরু হবে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, "এফএসআরইউ চালু হলে বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে। এরপর ধীরে ধীরে সঞ্চালন ব্যবস্থায় চাপ (প্রেসার) স্বাভাবিক হয়ে আসবে এবং সংকট পুরোপুরি কাটাতে মিনিমাম দুই থেকে তিন দিন সময় লাগবে।"

গ্যাস সংকটের কারণে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় সাময়িক লোডশেডিং বৃদ্ধির কথা স্বীকার করে মন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত চালু করা হবে, যার ফলে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি ঘটবে। বর্তমান পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু কারিগরি কারণে তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এসব অভিযোগের বেশিরভাগই বাস্তবতার সাথে মিলে না। উদাহরণ টেনে তিনি বলেন, "সাত হাজার টাকা বিল আসা একজন গ্রাহকের বাসায় অনুসন্ধান করে দেখা গেছে তিনি দুটি এসি, ফ্রিজসহ একাধিক ভারী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করছিলেন—যা কোনোভাবেই অস্বাভাবিক বিল নয়।"

এছাড়া ভারতের হাইকমিশনারের সাথে সাম্প্রতিক বৈঠককে নিয়মিত কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করে জ্বালানি মন্ত্রী জানান, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

//ডিবিটেক/বিএনএন/এসএমই//