আড়াই বছরে ৪০ লাখ প্রান্তিক মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে গ্রামীণফোনের নতুন উদ্যোগ

আড়াই বছরে ৪০ লাখ প্রান্তিক মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে গ্রামীণফোনের নতুন উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১৪:০৪  

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে প্রান্তিক জনগোষ্ঠীকে আরও অন্তর্ভুক্ত করতে "ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিস" উদ্যোগের দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গ্রামীণফোন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও টেলিনরের সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে ৪০ লাখ মানুষের কাছে ডিজিটাল দক্ষতা ও সেবার সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পাশাপাশি প্রথম পর্যায়ের অর্জনও তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ফারহানা ইসলাম এবং ডিজিটাল ইনক্লুশন লিড তাজরিবা খুরশীদ উদ্যোগটির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে ডিজিটাল অন্তর্ভুক্তি নিয়ে একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জিএসএমএ, টেলিনর এশিয়া এবং গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর তখনই সফল হবে, যখন সমাজের কোনো মানুষ পিছিয়ে থাকবে না। শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের হাতে ডিজিটাল দক্ষতা তুলে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি সেবা, শিক্ষা, কর্মসংস্থান ও ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করতে এ ধরনের উদ্যোগ সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৮ সালের মধ্যে ৪০ লাখ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, ডিজিটাল বৈষম্য এখন শুধু নেটওয়ার্ক কভারেজের বিষয় নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারনেটের মান, ডিভাইসের প্রাপ্যতা, ডিজিটাল সাক্ষরতা এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার। তিনি বলেন, বর্তমানে দেশের ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবার মোবাইল নেটওয়ার্কের আওতায় থাকলেও মাত্র ৬৫ শতাংশ মানুষ মোবাইল ব্যবহার করেন এবং মোট জনসংখ্যার মাত্র ৪৪ থেকে ৪৭ শতাংশ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে। অর্থাৎ, নেটওয়ার্ক থাকলেও ব্যবহারকারীর সংখ্যা এখনো উল্লেখযোগ্যভাবে কম।

তিনি আরও জানান, দেশের প্রায় ৫৬ শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করলেও এর মধ্যে মাত্র ৩৬ শতাংশের কাছে স্থায়ী ব্রডব্যান্ড সংযোগ রয়েছে। প্রায় ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এখনো মোবাইল ব্রডব্যান্ডের ওপর নির্ভরশীল, যা দেশের ডিজিটাল অবকাঠামোর একটি বড় কাঠামোগত সীমাবদ্ধতা।

ডিজিটাল অন্তর্ভুক্তির পথে নারী-পুরুষ, শহর-গ্রাম এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে বৈষম্যের বিষয়টিও তুলে ধরেন বিটিআরসি চেয়ারম্যান। তিনি বলেন, শহরে ইন্টারনেট ব্যবহারের হার ৭৫ শতাংশের বেশি হলেও গ্রামে তা ৪২ থেকে ৪৪ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। প্রতিবন্ধী ব্যক্তিদের ইন্টারনেট ব্যবহারের হারও সক্ষম ব্যক্তিদের তুলনায় অনেক কম।

তিনি জানান, সরকার ইতোমধ্যে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দের মাধ্যমে গ্রামীণ এলাকায় ৪জি সম্প্রসারণে কাজ করছে। একই সঙ্গে স্পেকট্রামের মূল্য নির্ধারণ, সেবার মান পরিমাপের আধুনিক নির্দেশিকা, স্মার্টফোনের মূল্য কমানো, কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ, ২জি প্রযুক্তি ধাপে ধাপে বন্ধের সম্ভাব্যতা যাচাই এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এমদাদ উল বারী বলেন, ডিজিটাল বৈষম্য দূর করতে প্রতিটি পরিবারে অন্তত একজন ডিজিটাল দক্ষ মানুষ তৈরি করা জরুরি। পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আরও কার্যকর করে নাগরিকদের জন্য অনলাইন সহায়তা ও ডিজিটাল গাইডেন্স প্ল্যাটফর্ম তৈরিরও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান উদ্যোগটির কয়েকজন উপকারভোগীর সঙ্গে মতবিনিময় করেন। তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে অর্জিত ডিজিটাল দক্ষতা তাদের শিক্ষা, জীবিকা, অনলাইন আয় এবং সরকারি সেবা গ্রহণের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

গ্রামীণফোন জানায়, উদ্যোগটির প্রথম পর্যায়ে দেশের ৩২টি জেলায় ৩৩ লাখের বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ নারী ও কিশোরী। দ্বিতীয় পর্যায়ে ২০২৮ সালের মধ্যে ৪০ লাখ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে উপকারভোগীদের অন্তত ৭০ শতাংশ হবেন নারী। ডিজিটাল শিক্ষা, মোবাইল আর্থিক সেবা, অনলাইন সরকারি সেবা, ডিজিটাল জন্ম নিবন্ধন এবং ডিজিটাল মাধ্যমে আয় বৃদ্ধির ক্ষেত্রে এ উদ্যোগ আরও বিস্তৃত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

//ডিবিটেক/এমআই/এমই//