আধুনিক হার্ডওয়্যার নিয়ে হুয়াওয়ে পিউরা ৯০ প্লাস উন্মোচিত
স্মার্টফোন বাজারের টেক্কা দিতে চীনে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগশিপ ‘পিউরা ৯০’ সিরিজের নতুন মডেল ‘পিউরা ৯০ প্লাস’ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
পিউরা ৯০ এবং ৯০ প্রোর মাঝামাঝি পজিশনে থাকা এই হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন ‘কিরিন ৯০২৫’ প্রসেসর। পূর্ববর্তী কিরিন ৯০২০ চিপসেটের তুলনায় নতুন এই প্রসেসর প্রায় ২০ শতাংশ উন্নত প্রসেসিং সক্ষমতা ও পারফরম্যান্স নিশ্চিত করে। ১২ জিবি র্যামের সাথে ডিভাইসটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি- এই তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে।
১ ইঞ্চির সেন্সর ও উন্নত ক্যামেরা সিস্টেম
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ফোনটিতে রয়েছে ১ ইঞ্চি টাইপের ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর, যাতে f/1.4 থেকে f/4.0 পর্যন্ত পরিবর্তনযোগ্য অ্যাপারচার প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
এর পাশাপাশি রয়েছে ৪এক্স অপটিক্যাল জুম ও উন্নত ম্যাক্রো সুবিধাসহ ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৪০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। স্থায়িত্ব ও প্রিমিয়াম নকশার জন্য এর ৬.৮ ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লেটি সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়েছে দ্বিতীয় প্রজন্মের ‘কুনলুন গ্লাস’।
অপারেটিং সিস্টেম, ব্যাটারি ও স্থায়িত্ব
হ্যান্ডসেটটি পরিচালিত হবে হুয়াওয়ের নিজস্ব 'হারমোনিওএস ৭' অপারেটিং সিস্টেমে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘সেলিয়া’ ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত রয়েছে।
ধূলিকণা ও পানি প্রতিরোধের জন্য ডিভাইসটিতে রয়েছে সর্বাধুনিক আইপি৬৮/৬৯ রেটিং এবং জরুরি যোগাযোগের জন্য রয়েছে টু-ওয়ে স্যাটেলাইট কানেক্টিভিটি। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে ৫,৭০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট তারযুক্ত এবং ৮০ ওয়াট তারহীন চার্জিং সমর্থন করে।
চীনের বাজারে ফোনটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৮২৫ মার্কিন ডলার)। আগামী ৩১ অক্টোবর থেকে এটি আনুষ্ঠানিকভাবে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: জিএসএম এরিনা





