আইফোনে 'মিডিয়া হাব' আনছে হোয়াটসঅ্যাপ
জনপ্রিয় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের আইওএস অ্যাপের জন্য একটি কেন্দ্রীয় 'মিডিয়া হাব' তৈরির কাজ করছে। ইতিপূর্বে ওয়েব এবং ম্যাক সংস্করণে চমৎকার সাড়া পাওয়ার পর এবার আইফোনে ফিচারটি চালুর উদ্যোগ নেওয়া হলো।
নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীদের প্রতিটি চ্যাটে আলাদা করে প্রবেশ করতে হবে না; বরং এক জায়গা থেকেই প্রাপ্ত সমস্ত ছবি, ভিডিও, লিংক এবং ডকুমেন্ট দেখার সুযোগ মিলবে। আইওএস বেটা সংস্করণ (v26.42.10.74)-এর কোড বিশ্লেষণে ফিচারটির উপস্থিতি দেখা গেছে।
কার্যপদ্ধতি ও ফিল্টারিং সুবিধা
হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ ট্যাব থেকে সরাসরি এই মিডিয়া হাবে প্রবেশ করা যাবে। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই হাবে কেবল ব্যবহারকারীর প্রাপ্ত মিডিয়া প্রদর্শিত হবে; ব্যবহারকারীর নিজ থেকে পাঠানো মিডিয়া কিংবা অদৃশ্য হয়ে যাওয়া বার্তা এতে স্থান পাবে না।
হাবে প্রধানত দুটি ট্যাব থাকবে- সাম্প্রতিক ফাইলের জন্য ‘নিউ’ এবং সমস্ত ফাইলের জন্য ‘অল মিডিয়া’। ব্যবহারকারীরা তাঁদের সুবিধামতো গ্রিড বা লিস্ট ভিউ বেছে নিতে পারবেন এবং নির্দিষ্ট ফাইল দ্রুত খুঁজে পেতে ক্যাপশন বা লিংক টাইপ করে সার্চ করতে পারবেন। এ ছাড়া পছন্দ করা বা রিয়্যাকশন দেওয়া ফাইলগুলো আলাদা করতে ‘হার্ট’ আইকন ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
উন্নয়ন ও চালুর পরিকল্পনা
ফিচারটি বর্তমানে একদম শুরুর দিকের উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এখনো সাধারণ বেটা টেস্ট্যারদের জন্য উন্মুক্ত করা হয়নি।
ধারনা করা হচ্ছে, অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে হোয়াটসঅ্যাপ তাদের ভবিষ্যৎ বেটা আপডেটের মাধ্যমে পর্যায়ক্রমে সাধারণ আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: জিএসএম এরিনা





