ইউটিউবকে টেক্কা দিতে ৯০ মিনিটের দীর্ঘ ভিডিও 'ফিচার্স' আনছে ইনস্টাগ্রাম
জনপ্রিয় ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম দীর্ঘাকৃতির ভিডিও পরিবেশনের জন্য ‘ফিচার্স’ নামে একটি নতুন ভিডিও ফরম্যাট পরীক্ষা করছে। এর মাধ্যমে ক্রিয়েটররা সর্বোচ্চ ৯০ মিনিট দৈর্ঘ্যের অনুভূমিক বা আড়াআড়ি ভিডিও আপলোড করতে পারবেন।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের নির্ধারিত কিছু কনটেন্ট ক্রিয়েটর ও পডকাস্টারদের ওপর এই ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। মূলত ফুল-লেন্থ পডকাস্ট পর্ব, শো এবং ভিডিও ডকুমেন্টারি ক্রিয়েটরদের নিজেদের প্ল্যাটফর্মে ধরে রাখতে মেটার এটি একটি বড় কৌশলগত উদ্যোগ।
শর্ট-ফর্ম থেকে লং-ফর্মে প্রবেশের সহজ পথ
ইনস্টাগ্রামের ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট টেসা লায়ন্স এবং প্রধান অ্যাডাম মোসেরি এই নতুন ভিডিও উদ্যোগের তথ্য শেয়ার করেছেন। এই প্রক্রিয়ায় মূল ভিডিওর ছোট ক্লিপ বা টিজার প্রথমে ‘এক্সপ্লোর’ ট্যাব কিংবা রিলস ফিডে দেখানো হবে। দর্শকেরা সেখান থেকে নতুন যুক্ত হওয়া ‘ওয়াচ ফুল ভিডিও’ বাটনে ট্যাপ করে অন্য কোনো অ্যাপে না গিয়েই সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপের ভেতরে সম্পূর্ণ ৯০ মিনিটের ভিডিওটি উপভোগ করতে পারবেন।
টেলিভিশন স্ক্রিন ও প্ল্যাটফর্ম সম্প্রসারণ
মোবাইল অ্যাপে কার্যকারিতা শুরু হলেও ইনস্টাগ্রাম তাদের ‘ইনস্টাগ্রাম ফর টিভি’ ইকোসিস্টেমে এই দীর্ঘ ভিডিও সুবিধা জোরালোভাবে যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে।
স্যামসাং, অ্যামাজন ফায়ার টিভি এবং গুগল টিভির পাশাপাশি অ্যাপল টিভিতেও এই অ্যাপ সেবা সম্প্রসারিত করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: জিএসএম এরিনা





