- সিরাজদিখানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ
- শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশ
- নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থার সতর্কবার্তা
সিরাজদিখানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক পরিপত্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ গত ২৬ জুলাই এ নির্দেশনা জারি করেন।
পরিপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানায়, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনকভাবে বেড়েছে। এর ফলে লেখাপড়ার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগ কমে যাচ্ছে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি। একই সঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারও পাঠদানে বিঘ্ন সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলে।
এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ নিশ্চিত করার পাশাপাশি পাঠদান চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
//ডিবিটেক/বিএনওএস/এসএমই//





