আইএসপি খাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যশোর থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী আটক
ইন্টারনেট ব্যবসায় হামলার অভিযুক্ত ডেভিড ইমন গ্রেফতার
- ইন্টারনেট ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ
- যশোর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার
- একাধিক হত্যা মামলার তদন্তে নাম রয়েছে
চট্টগ্রামের ইন্টারনেট সেবা (আইএসপি) খাতে চাঁদাবাজি, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা ও চাঁদা দাবির ঘটনায় তিনি আলোচনায় আসেন।
বুধবার যশোরের ধুমধুমপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডেভিড ইমনকে আটক করা হয়েছে। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ-এর অনুসারী হিসেবে পরিচিত ডেভিড ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপি)-এর কাছে বিপুল অঙ্কের চাঁদা দাবি এবং হামলার অভিযোগ ওঠে। এসব ঘটনায় প্রযুক্তি ও টেলিকম খাতের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।
পুলিশের নথি অনুযায়ী, গত দুই বছরে অন্তত সাতটি হত্যা মামলায় ডেভিড ইমনের নাম এসেছে। এর মধ্যে ২০২৫ সালের বাকলিয়ার জোড়া হত্যা, পতেঙ্গা সমুদ্রসৈকতে ঢাকাইয়া আকবর হত্যা এবং ২০২৪ সালে আনিস ও মোহাম্মদ হাসানকে ব্রাশফায়ারে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব মামলার তদন্ত এখনও চলমান।
পুলিশ জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে আইনানুগ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
//ডিবিটেক/ডিপিও / এসএমআই//





