তরুণদের এআই দক্ষতা ও কর্মসংস্থান প্রস্তুতিতে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ডিজিটাল প্ল্যাটফর্ম

এআই ইনোভেশন অ্যাওয়ার্ড জিতল বাংলালিংকের রাইজ

  • এআই ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে রাইজ
  • এআইভিত্তিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্ব
  • ভোকালাইজ ও সিভি-রাইজারসহ নতুন এআই টুল সম্প্রসারণ

এআই ইনোভেশন অ্যাওয়ার্ড জিতল বাংলালিংকের রাইজ
২৯ জুলাই, ২০২৬ ১০:৫৬  

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান প্রস্তুতি এবং ডিজিটাল উদ্ভাবনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এআই ইনোভেশন’ অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলালিংকের ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘রাইজ’। এআই প্রযুক্তিকে তরুণদের জন্য আরও সহজলভ্য ও বাস্তবমুখী করে তোলার উদ্যোগের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

২৯ জুলাই, বুধবার অপারেটিরটির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬-এ রাইজকে এ সম্মাননা দেওয়া হয়। সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) এবং কানাডাভিত্তিক ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (ইউএইচএফ)।

সম্মেলনে দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল নেতৃত্ব এবং উদ্ভাবনী প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যিনি উৎপাদনশীলতা ও কাজের মান বাড়াতে এআইয়ের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি গ্রাহক ও সমাজের জন্য কার্যকর মূল্য সৃষ্টিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বাংলালিংকের অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, রাইজের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে এবং এআইকে আরও সহজলভ্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের অন্যতম ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক এমন উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ, যা ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াবে, কর্মসংস্থান উপযোগী দক্ষতা উন্নয়নে সহায়তা করবে এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে।

বর্তমানে শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য একটি সমন্বিত এআই ইকোসিস্টেম গড়ে তুলছে রাইজ। এর ‘ভোকালাইজ’ টুল ব্যবহারকারীদের তাৎক্ষণিক এআইভিত্তিক স্পোকেন ইংলিশ কোচিং প্রদান করে, যেখানে উচ্চারণ, সাবলীলতা ও আত্মবিশ্বাস উন্নয়নে তাৎক্ষণিক ফিডব্যাক দেওয়া হয়।

এ ছাড়া ‘সিভি-রাইজার’ ব্যবহারকারীদের অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম (এটিএস)-উপযোগী পেশাদার জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে সহায়তা করে, যা চাকরির বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

বাংলালিংক জানিয়েছে, ডিজিটাল দক্ষতা, উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং দায়িত্বশীল এআই ব্যবহারে উৎসাহ দিতে রাইজে আরও বিভিন্ন এআইভিত্তিক টুল যুক্ত করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে তরুণদের সহায়তা করবে প্ল্যাটফর্মটি।

//ডিবিটেক/ এমআর/ এসএমই//