ফাঁকা ওয়েবপেজও চুরি করতে পারে আপনার তথ্য: ক্যাসপারস্কির সতর্কতা

ফাঁকা বা অসম্পূর্ণ ওয়েবপেজও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে এবং ফিশিং বা ম্যালওয়্যারের মতো সাইবার ঝুঁকিতে ফেলতে পারে বলে সতর্ক করেছে ক্যাসপারস্কি। নিরাপদ থাকতে ওয়েবসাইটের ঠিকানা যাচাই, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং নির্ভরযোগ্য সাইবার নিরাপত্তা সমাধান ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ফাঁকা ওয়েবপেজও চুরি করতে পারে আপনার তথ্য: ক্যাসপারস্কির সতর্কতা
২৯ জুলাই, ২০২৬ ১১:০৩  
৩০ জুলাই, ২০২৬ ১২:০১  

ফাঁকা বা অসম্পূর্ণ ওয়েবপেজও ব্যবহারকারীদের জন্য বড় ধরনের সাইবার ঝুঁকির কারণ হতে পারে বলে সতর্ক করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির মতে, বাইরে থেকে নিরীহ মনে হলেও অনেক পার্কড ডোমেইন (Parked Domain) ব্যবহারকারীর অজান্তেই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে অথবা আরও বিপজ্জনক ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারে।

২৯ জুলাই, বুধবার প্রকাশিত এক সতর্কবার্তায় ক্যাসপারস্কি জানায়, পার্কড ডোমেইন হলো এমন একটি নিবন্ধিত ওয়েব ঠিকানা, যেখানে এখনো পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা হয়নি। এসব ডোমেইনে সাধারণত ‘কামিং সুন’, ‘ডোমেইন ফর সেল’ কিংবা ফাঁকা পেজ দেখা যায়।

তবে অনেক ক্ষেত্রে এসব পেজে থাকা গোপন স্ক্রিপ্ট ব্যবহারকারীর আইপি ঠিকানা, অবস্থান-সংক্রান্ত তথ্য, ব্রাউজারের ধরন, কুকি শনাক্তকারী এবং ব্রাউজারের বিশেষ বৈশিষ্ট্য (ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করতে পারে। পরে এসব তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্যবহারকারীর সম্মতি ছাড়াই তার অনলাইন কার্যক্রমের বিস্তারিত প্রোফাইল তৈরি করতে পারে।

ক্যাসপারস্কি আরও জানায়, এ ধরনের ডোমেইন আরও বড় ধরনের সাইবার হামলার মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতে পারে। সাইবার অপরাধীরা এসব ডোমেইনের মাধ্যমে ব্যবহারকারীদের ফিশিং ওয়েবসাইট, অনলাইন প্রতারণার পেজ, অ্যাডাল্ট কনটেন্ট বা ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোডের সাইটে পাঠাতে পারে।

বিশেষ করে টাইপোস্কোয়াটিংয়ের ঝুঁকির কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, পরিচিত কোনো ওয়েবসাইটের ঠিকানায় এক বা দুটি অক্ষর পরিবর্তন করে ভুয়া ওয়েবসাইট তৈরি করা হয়। ব্যবহারকারী ভুলবশত সেখানে প্রবেশ করলে তার লগইন তথ্য, আর্থিক তথ্য চুরি হতে পারে এবং ডিভাইসে ম্যালওয়্যারও সংক্রমিত হতে পারে।

এ বিষয়ে ক্যাসপারস্কির এক বিশেষজ্ঞ বলেন, “অনেকেই মনে করেন ফাঁকা ওয়েবপেজ সম্পূর্ণ নিরাপদ। কিন্তু এটি একটি ভুল ধারণা। একটি সাধারণ ‘ডোমেইন ফর সেল’ বা ফাঁকা পেজও ব্যবহারকারীর ডিভাইস থেকে বিভিন্ন ডিজিটাল তথ্য সংগ্রহ করতে পারে। পাশাপাশি এসব ডোমেইনের মাধ্যমে ব্যবহারকারী ফিশিং বা ম্যালওয়্যার ছড়ানো ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন, যা ব্যক্তিগত তথ্য, আর্থিক নিরাপত্তা এবং করপোরেট অ্যাকাউন্টের জন্যও ঝুঁকিপূর্ণ।”

নিরাপদ থাকতে ক্যাসপারস্কি সন্দেহজনক লিংকে ক্লিক না করা, ওয়েবসাইটের ঠিকানা (ইউআরএল) ভালোভাবে যাচাই করা, অ্যান্টি-ট্র্যাকিং ও অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্টিং সুবিধাযুক্ত নির্ভরযোগ্য সাইবার নিরাপত্তা সমাধান ব্যবহার করা এবং কোনো সন্দেহজনক বা ফাঁকা ওয়েবপেজে প্রবেশ করলে সেখানে থাকা ব্যানারে ক্লিক না করে বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করে দ্রুত পেজটি বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছে।

//ডিবিটেক/সিএস/এসআই//