আইপি ভার্সন সিক্স নিয়ে পেশাদার প্রশিক্ষণ কর্মশালা শুরু

আইপি ভার্সন সিক্স নিয়ে পেশাদার প্রশিক্ষণ কর্মশালা শুরু
১২ মে, ২০২৬ ১৩:৪৫  

দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামোকে আধুনিক, নিরাপদ ও ভবিষ্যৎ উপযোগী করতে রাজধানীতে চলছে আইপি ভার্সন সিক্স ডিপ্লয়মেন্ট বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

 ১২ মে,  মঙ্গলবার রাজধানীর বনানীতে আইএসপিএবি’র স্থায়ী কার্যালয়ের প্রশিক্ষণ ল্যাবে শুরু হয়। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং Asia Pacific Network Information Centrer এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালাটি চলবে ১৪ মে পর্যন্ত।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ২০ জন নেটওয়ার্ক প্রকৌশলী অংশ নিয়েছেন।

আয়োজক সূত্র প্রকাশ, দেশে দ্রুত বাড়তে থাকা ইন্টারনেট ব্যবহার, স্মার্ট ডিভাইস ও ডিজিটাল সেবার সম্প্রসারণের কারণে বিদ্যমান আইপি ভার্সন ফোর প্রযুক্তির সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠছে। ফলে ভবিষ্যৎ ডিজিটাল অবকাঠামোকে আরও টেকসই ও সম্প্রসারণযোগ্য করতে আইপি ভার্সন সিক্স বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া বলেন, দেশের ডিজিটাল অগ্রযাত্রা অব্যাহত রাখতে দক্ষ নেটওয়ার্ক প্রকৌশলী তৈরির কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। এতে স্থানীয় প্রকৌশলীরা যেমন উপকৃত হবেন, তেমনি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতাও বাড়বে।

তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্পমূল্যে নিরাপদ ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে আধুনিক প্রশিক্ষণ ল্যাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রকৌশলীরা হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন আন্তর্জাতিক প্রশিক্ষক মো. আব্দুল আউয়াল হাওলাদার এবং রাফিউন নবী মানিক। তারা অংশগ্রহণকারীদের আইপি ভার্সন সিক্স অ্যাড্রেসিং, রাউটিং, নেটওয়ার্ক মাইগ্রেশন, নিরাপত্তা ব্যবস্থা এবং বাস্তব ডিপ্লয়মেন্ট কৌশল বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছেন, দেশে আইপি ভার্সন সিক্স প্রযুক্তির বিস্তার ঘটলে ভবিষ্যতে স্মার্ট সিটি, পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক, ক্লাউডভিত্তিক সেবা এবং ইন্টারনেট অব থিংস প্রযুক্তির উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

ডিবিটেক/এনকেবি/ইকে