নগদ লেনদেন পরিহার করে প্রযুক্তি ব্যবহারের আহ্বান জহির উদ্দিন স্বপনের
বাংলা কিউআর’ কোডে বই কিনলেন তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শাহবাগের আজিজ সুপার মার্কেটে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার করে বই কিনেছেন। এ সময় তিনি দেশের সাধারণ মানুষকে নগদ লেনদেন পরিহার করে প্রযুক্তিনির্ভর এই মাধ্যমে লেনদেনের আহ্বান জানান।
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের বিখ্যাত বইয়ের দোকান বাতিঘর ও প্রথমা প্রকাশনীতে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার করে বই কিনেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল শনিবার দুপুরে তিনি এই প্রযুক্তিনির্ভর লেনদেনের মাধ্যমে বই কেনেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহতেশামুল হক খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বই কেনা শেষে তথ্যমন্ত্রী এই কার্যক্রমে যুক্ত থাকা ডাচ-বাংলা ব্যাংকের ‘রকেট’ মোবাইল ব্যাংকিং সেবাসহ সংশ্লিষ্ট সব ব্যাংক এবং দেশের সাধারণ মানুষকে নগদ লেনদেন পরিহার করার আহ্বান জানান। ডিজিটাল এই উদ্যোগের জন্য সরকার প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জনগণের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী। একই সাথে সবাইকে প্রযুক্তিনির্ভর ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে লেনদেন করার অনুরোধ করেন।
মন্ত্রী বলেন, লেনদেন যে এত সহজ হতে পারে, এই প্রযুক্তি ব্যবহারের আগে পর্যন্ত একজন প্রযুক্তিবিহীন মানুষ তা বুঝতে পারে না। সর্বক্ষেত্রেই আমাদের প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেওয়া উচিত। লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর কোড একটি আস্থাভাজন মাধ্যম।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে একটি প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই রূপান্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো দেশের সামগ্রিক লেনদেন ব্যবস্থাকে আধুনিক ও নগদবিহীন করা। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই দেশ সর্বোচ্চ মাত্রায় প্রযুক্তিনির্ভর ডিজিটাল লেনদেনে প্রবেশ করবে।
বিশ্বের অনেক দেশই প্রযুক্তিনির্ভর লেনদেনে আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিগত দিনের সরকারগুলোর নীতিগত বিলম্ব বা ব্যর্থতার কারণে রাষ্ট্র ও জনগণকে এই আধুনিক প্রযুক্তির সাথে এতদিনেও পুরোপুরি সংযুক্ত করা সম্ভব হয়নি। তারেক রহমানের সরকার এই জড়তা ভেঙেছে এবং ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে আজ নগদবিহীন লেনদেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে মন্ত্রী বলেন, আমি নিজে বহু বছর ধরে আজিজ সুপার মার্কেটের এই বইয়ের দোকানগুলোর একজন নিয়মিত ক্রেতা। এতদিন এখানে সবসময় নগদ টাকায় বই কিনেছি। কিন্তু আজ একজন ক্রেতা হিসেবে জীবনের প্রথমবারের মতো ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে নগদবিহীন প্রযুক্তিতে বই কিনলাম।
//ডিবিটেক/ডিপিও/এমআই//





