ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও গ্রাহকসেবা উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদোন্নতি

ইউসিবিতে উপব্যবস্থাপনা পরিচালক হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হককে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা ও ব্যবসায়িক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এ পদোন্নতি দেওয়া হয়েছে।

ইউসিবিতে উপব্যবস্থাপনা পরিচালক হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক
৩০ জুন, ২০২৬ ১৭:৫৩  

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হককে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং সাংগঠনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদোন্নতি দেওয়া হয়েছে

পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী সহসভাপতি ও খুচরা ব্যাংকিং ব্যবসা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মো. রীদওয়ানুল হক জ্যেষ্ঠ নির্বাহী সহসভাপতি ও বিতরণ এবং কৌশল বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

মোহাম্মদ শফিকুর রহমানের ব্যাংকিং খাতে ২৭ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ১৯৯৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৯৯ সালের মে মাসে তিনি এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ব্যাংকটি একীভূত হলে ২০০১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন। সেখানে তিনি করপোরেট শাখার প্রধান, ব্যক্তিগত ও অগ্রাধিকারভিত্তিক গ্রাহক অধিগ্রহণ বিভাগের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির খুচরা ব্যাংকিং ব্যবসা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। পাশাপাশি সেবার মান ও বিশেষ গ্রাহকসেবা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তাঁর নেতৃত্বে ব্যাংকের খুচরা ব্যাংকিং কার্যক্রমে ব্যবসায়িক কাঠামো শক্তিশালীকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন এবং কর্মদক্ষতাভিত্তিক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি বর্তমানে ইউসিবির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি সম্পদ ব্যবস্থাপনা লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যও। কর্মজীবনে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে নেতৃত্ব উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

অন্যদিকে, মো. রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর ব্যাংকিং খাতে ২৪ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি এইচএসবিসি, ব্যাংক আলফালা এবং দেশীয় ও বহুজাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ইউসিবিতে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির খুচরা ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তা ব্যবসা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে ব্যবসা সম্প্রসারণ এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বর্তমানে তিনি ইউসিবির সব শাখা, উপশাখা, প্রতিনিধি ব্যাংকিং বিভাগ এবং বিকল্প সেবা বিতরণ চ্যানেলের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তাঁর নেতৃত্বে গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও জোরদার হয়েছে।

কর্মজীবনে তিনি ব্রুনাই, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, গত দুই বছরে ধারাবাহিক আমানত বৃদ্ধি, নতুন গ্রাহক ও নতুন হিসাব সংযোজন, ব্যবসায়িক সম্প্রসারণ এবং সামগ্রিক প্রবৃদ্ধি অর্জনে এই দুই কর্মকর্তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নতুন দায়িত্বে তাঁদের অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তা ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহকসেবার উৎকর্ষ অর্জনে আরও ভূমিকা রাখবে বলে আশা করছে ইউসিবি।

//ডিবিটেক/এমএসকে/এমআইএম//