নোবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর ঘোষণা

অভিন্ন প্রশ্নে এইচএসসি, তিন মাসে ৫০ হাজার শিক্ষক নিয়োগের আশা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের আশা প্রকাশ করেন তিনি।

অভিন্ন প্রশ্নে এইচএসসি, তিন মাসে ৫০ হাজার শিক্ষক নিয়োগের আশা
২২ জুন, ২০২৬ ১৫:২১  

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

২২ জুন, সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চলমান প্রশাসনিক ও আইনি জটিলতা নিরসন হলে আগামী তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

তিনি জানান, দেশে প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষক পদের মধ্যে প্রায় ৩২ হাজার পদ দীর্ঘদিন ধরে পদোন্নতিজনিত জটিলতার কারণে শূন্য রয়েছে। বিষয়টি আদালতের বিবেচনায় রয়েছে এবং আগামী ২ জুলাই এ বিষয়ে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর শিক্ষক নিয়োগ কার্যক্রম আরও গতি পাবে বলে তিনি উল্লেখ করেন।

মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, মে ও জুন মাসের বেতন এখনো অনেক শিক্ষক পাননি। ২০১৭ সালে চালু হওয়া ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা এখনো পুরোপুরি কার্যকর না হওয়ায় বেতন বিতরণে জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত প্রায় ১৭ হাজার শিক্ষকের বেতন ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিয়েছে।

তিনি বলেন, বাজেট বরাদ্দ ও বাস্তব প্রয়োজনের মধ্যে ব্যবধান থাকায় বর্তমানে অনেক শিক্ষক সময়মতো বেতন পাচ্ছেন না। বিষয়টি সমাধানে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে অগ্রগতির বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক ও গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় অবকাঠামো ও একাডেমিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষামন্ত্রী কেক কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠান চলাকালে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় মিলনায়তনে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষামন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠান পুনরায় শুরু হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

//ডিবিটেক/ডিপিও/ইকে//