৩০ বছরের এভিয়েশন মাস্টারপ্ল্যান ঘোষণা; জুলাইয়ে জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তির প্রস্তুতি

থার্ড টার্মিনাল উদ্বোধন বছর শেষে, এভিয়েশন হাবের পথে বাংলাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের শেষ দিকে উদ্বোধনের ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রথম সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনার মাধ্যমে আগামী কয়েক দশকের বিমান খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের রূপরেখা তুলে ধরা হয়েছে।

থার্ড টার্মিনাল উদ্বোধন বছর শেষে, এভিয়েশন হাবের পথে বাংলাদেশ
২১ জুন, ২০২৬ ১১:২৮  
২১ জুন, ২০২৬ ১৩:২৮  

চলতি বছরের শেষ দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

২১ জুন, রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আগামী ৩০ বছরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মন্ত্রী বলেন, নতুন মহাপরিকল্পনা আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময়ের জন্য দেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে। এর আওতায় বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইন্স খাত সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি, নিরাপত্তা জোরদার এবং পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বগুড়া বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী জানান, জাপানের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী জুলাইয়ে এ বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব বাংলাদেশ বিমানের হাতে থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা করবে একটি জাপানি প্রতিষ্ঠান।

বিমান বহর সম্প্রসারণ নিয়ে আফরোজা খানম বলেন, নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে চাহিদা সামাল দিতে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ২০২৮ সালের আগে দেখা যাচ্ছে না।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন বলে পরিকল্পনা রয়েছে। এর আগেই নির্মাণকাজ শেষ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

//ডিবিটেক/এটি/এমআই//