ইউটিউবে মুক্তি পাচ্ছে ২০ জুন সন্ধ্যায়
‘বাবার ডায়রি’ দিয়ে যাত্রা শুরু করছে সিনেপ্লাস স্টুডিও
আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষ্যে নির্মিত আজিজুল হাকিমের আবেগঘন নাটক ‘বাবার ডায়রি’ প্রকাশের মাধ্যমে দেশের নতুন বিনোদন ও চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে ‘সিনেপ্লাস স্টুডিও’।
আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষ্যে পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পে নির্মিত বিশেষ নাটক ‘বাবার ডায়রি’র মাধ্যমে দেশের নতুন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করছে ‘সিনেপ্লাস স্টুডিও’। ২০ জুন, শনিবার সন্ধ্যা ৭টায় প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।
এটিই এই নতুন ইউটিউব চ্যানেলের প্রথম প্রযোজনা। নাটকটিতে একজন নিঃস্বার্থ, দানশীল ও স্নেহময় বাবা ‘আনিস সাহেব’ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা আজিজুল হাকিম। নাটকের গল্পে দেখা যাবে, সন্তান ও পুত্রবধূর অবহেলা, উপেক্ষা ও মানসিক কষ্টে একপর্যায়ে অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যান আনিস সাহেব। বাবার মৃত্যুর পর তার ডায়েরির পাতায় লুকিয়ে থাকা ত্যাগ ও মমতার গল্প আবিষ্কার করে সন্তান, কিন্তু তখন আর ক্ষমা চাওয়ার সুযোগ থাকে না।
নাটকটির মাধ্যমে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ ও সম্মানের বার্তা তুলে ধরা হয়েছে। এটি প্রযোজনা করেছেন মো. নাজমুল হক এবং রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সম্রাট চৌধুরী। চিত্রগ্রহণে আরিফুল ইসলাম, সম্পাদনায় সম্রাট আজাদ এবং সংগীত পরিচালনায় ছিলেন শাহরিয়ার রাফাত।
আজিজুল হাকিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ, তমাল মাহবুবসহ আরও অনেকে। বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্য নিয়ে সিনেপ্লাস স্টুডিও তাদের এই প্রথম কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে।
//ডিবিটেক/টিআর/ইকে//





