ঈদী দিয়ে বাটন ফোন কিনেছিলেন নিশো

ঈদী দিয়ে বাটন ফোন কিনেছিলেন নিশো
৩০ মার্চ, ২০২৫ ১০:৪৮  
৩০ মার্চ, ২০২৫ ১৬:৫০  

এবারের ঈদে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’।‌ এই ওয়েব ফিল্মে আসামি নিশান চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

সিনেমাটির মহরত উপলক্ষে ওটা বৃহস্পতিবার রাতে ঢাকায় এক সংবাদ সম্মেলন হয়। সেখানে ঈদ সালামি নিয়ে প্রশ্নের জবাবে নিশো জানান, নানির কাছ থেকে পাওয়া সালামির সঙ্গে আরও কিছু টাকা যোগ করে একটি মোবাইল ফোন কিনেছিলেন তিনি।

আফরান নিশো বলেন, ‘ঈদ এলেই সালামি পেতাম। সেই সময় চকচকে নোট ছাড়া সালামি নিতাম না। আমার মনে পড়ে, নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম। তখন বাটনফোন ছিল।’

ঈদে দরিদ্রদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন এই তারকা অভিনেতা। তাঁর ভাষ্যে, ‘আমরা যাঁরা স্বাভাবিক জীবন যাপন করছি, ঈদটা আসলে তাদের নয়। সব সময় মনে হয়, যারা হতদরিদ্র, যাদের তিন বেলা খাবার জুটছে না (তাঁদের জন্য), তাদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের যে ধর্মীয় অনুশাসন ও সামাজিক অবস্থান আছে, সেই জায়গা থেকে দায়িত্বগুলো পালন করা উচিত।’