ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স
আমেরিকার হলিউডে অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহৎ বিনোদন কোম্পানী ওয়ার্নার ব্রস ডিসকভারির টিভি, ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগ কিনে নিচ্ছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। ৫ ডিসেম্বর, শুক্রবার আনুষ্ঠানিকভাবে ৭২ বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল চুক্তির ঘোষণা দেওয়া হয়। চুক্তিটি ডিজিটাল মিডিয়া জগতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র দরকষাকষিতে প্যারামাউন্ট স্কাইড্যান্সকে পেছনে ফেলে এই জয় পেল নেটফ্লিক্স। প্যারামাউন্ট এই ডিজিটাল সম্পদ কিনতে শেয়ার প্রতি ২৪ ডলারের প্রস্তাব দিয়েছিল। তাকে পেছনে ফেলে নেটফ্লিক্স শেয়ার প্রতি প্রায় ২৮ ডলারের প্রস্তাব দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে যায়। এই চুক্তির ফলে 'গেম অফ থ্রোনস', 'ডিসি কমিকস' এবং 'হ্যারি পটার'-এর মতো বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর নিয়ন্ত্রণ এখন নেটফ্লিক্সের হাতে। বড় কোনো অধিগ্রহণ ছাড়াই এতদিন রাজত্ব করা নেটফ্লিক্স এবার ওয়াল্ট ডিজনি এবং প্যারামাউন্টের মতো প্রতিযোগীদের টেক্কা দিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল।
এ বিষয়ে নেটফ্লিক্সের সহ-সিইও টেড সারানডোস এক বিবৃতিতে বলেন, 'একসঙ্গে আমরা দর্শকদের তাদের পছন্দের কন্টেন্ট আরও বেশি দিতে পারব এবং আগামী শতাব্দীর গল্প বলার ধরন নির্ধারণে সাহায্য করতে পারব।'
তবে বিশ্লেষকদের মতে, এই চুক্তি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে কঠোর একচেটিয়া বাজারবিরোধী বাধার মুখে পড়তে পারে। কারণ এর মাধ্যমে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং সার্ভিসটি তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী এইচবিও ম্যাক্সের মালিকানা পাচ্ছে, যার প্রায় ১৩ কোটি সাবস্ক্রাইবার রয়েছে।
বাজার একচেটিয়া হওয়ার উদ্বেগ কমাতে নেটফ্লিক্স যুক্তি দিয়েছে যে, এইচবিও ম্যাক্সের সঙ্গে তাদের স্ট্রিমিং সার্ভিস একীভূত হলে গ্রাহকরা কম খরচে বান্ডেল অফার পাবেন। এছাড়া ওয়ার্নার ব্রসের সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে নেটফ্লিক্স।
নগদ ও শেয়ার মিলিয়ে এই চুক্তি সম্পন্ন হচ্ছে। চুক্তি অনুযায়ী, ওয়ার্নার ব্রস ডিসকভারির শেয়ারহোল্ডাররা শেয়ার প্রতি ২৩.২৫ ডলার নগদ এবং ৪.৫০ ডলার সমমূল্যের নেটফ্লিক্সের শেয়ার পাবেন। সব মিলিয়ে শেয়ারের মূল্য দাঁড়ায় ২৭.৭৫ ডলার। ঋণের হিসাবসহ ওয়ার্নারের মোট মূল্যায়ন দাঁড়িয়েছে ৮২.৭ বিলিয়ন ডলার। ওয়ার্নার ব্রস তাদের গ্লোবাল নেটওয়ার্ক ইউনিট আলাদা একটি কোম্পানি হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পর, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে এই অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্যারামাউন্ট অভিযোগ করেছে, বিক্রয় প্রক্রিয়ায় নেটফ্লিক্সকে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে। শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে নেটফ্লিক্সের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ এবং প্যারামাউন্টের ২.২ শতাংশ কমেছে।
ডিবিটেক/বিএস/ইকে







