লেনোভোর এআই গেমিং ল্যাপটপ

লেনোভোর এআই গেমিং ল্যাপটপ
২৪ মে, ২০২৬ ০০:৫৫  

দেশের গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেভেলপারদের হাই-পারফরম্যান্স কম্পিউটিংয়ের চাহিদা মেটাতে বাংলাদেশের প্রযুক্তি বাজারে নতুন এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর এলওকিউ (LOQ) সিরিজের এই নতুন ডিভাইসটি শক্তিশালী এআই প্রসেসিং সক্ষমতা এবং আধুনিক গেমিং প্রযুক্তির এক অনন্য সমন্বয়, যা দেশের বাজারে বেশ সাড়া ফেলেছে।

ল্যাপটপটির অন্যতম প্রধান কারিগরি আকর্ষণ হলো এর উন্নত এআই প্রসেসিং ক্ষমতা। এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক আরটিএক্স ৫০৫০ ৮জিবি ডিডিআর৭ গ্রাফিক্স কার্ড, যা প্রায় ৪৪০ এআই টপস পারফরম্যান্স দিতে সক্ষম। জটিল এআই ডেটা প্রসেসিং, কোডিং, থ্রিডি রেন্ডারিং এবং হাই-এন্ড গেমিংয়ের গতি বাড়াতে ল্যাপটপটিতে একটি ডেডিকেটেড ‘এআই চিপ এলএ১’ যুক্ত করা হয়েছে, যা ল্যাপটপের কর্মক্ষমতাকে স্বয়ংক্রিয়ভাবে অপ্টিমাইজ করে।

ডিভাইসটির মাদারবোর্ডে রয়েছে ১৩তম প্রজন্মের ইনটেল কোর আই৭-১৩৬৫০এইচএক্স প্রসেসর, যা ১৪ কোর এবং ২০ থ্রেড সমর্থন করে। দ্রুত বুটিং এবং স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করতে এতে রয়েছে ১৬ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি স্টোরেজ। আইটি বাজারে চলমান হার্ডওয়্যার সংকটের মধ্যেও ব্যবহারকারীদের সুবিধার্থে এতে অতিরিক্ত স্লট রাখা হয়েছে, যার ফলে ভবিষ্যতে স্টোরেজ আরও আপগ্রেড করা যাবে।

ডিসপ্লে বিভাগে ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং কালার অ্যাকুরেসি ১০০ শতাংশ এসআরজিবি। এছাড়া এতে থাকা জি-সিঙ্ক প্রযুক্তি গেমারদের ল্যাগহীন ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। নিরাপত্তার জন্য ই-শাটারযুক্ত ৫ মেগাপিক্সেল হাই-ডেফিনিশন ক্যামেরা, নাহিমিকে অডিও প্রযুক্তি এবং হোয়াইট ব্যাকলিট কিবোর্ড সমৃদ্ধ এই ল্যাপটপটি ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টিসহ বর্তমানে ১ লাখ ৮০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

/ডিবিটেক/এনএ/ইকে/