২৩ জুলাই ৩২টি ডিজিটাল উদ্ভাবন দেখা যাবে বিটিআরসিতে
১জিবি ফ্রি ইন্টারনেটের শেষ দিন আগামী ২৩ জুলাই (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বসছে ‘টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২৫’। দিনব্যাপী মেলায় ২০টি প্রতিষ্ঠানের মোট ৩২টি ডিজিটাল উদ্ভাবন প্রদর্শিত হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি ভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করণ এবং দেশের ডিজিটাল রূপান্তরের ধারা আরও শক্তিশালী করতে এই মেলা সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত জানিয়েছে বিটিআরসি।
সংশ্লিষ্টরা জানান, দিনব্যাপী মেলার আয়োজনের শুরু হবে সকাল ১০টায়। যা চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এবার উদ্ভাবনী আয়োজনে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অফ থিংস (IoT), রোবোটিকস, বিগ ডেটা এবং ব্লকচেইন প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরবে তরুণ উদ্ভাবকরা।
বিটিআসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মেলায় টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তি খাতে সম্ভাবনাময় উদ্ভাবনগুলো তুলে ধরা হবে।
সূত্রমতে, সরকারি-বেসরকারি ৭টি বিশ্ববিদ্যায়ল, মোবাইল অপারেটর এবং ব্রডব্যান্ট ইন্টারনেট সেবাদানকারী কয়েকটি প্রতিষ্ঠান টেলিকম সেবায় নিজেদের উদ্ভাবিত সেবা ও ধারণা প্রদর্শন করবেন। প্রদর্শিত উদ্ভাবন থেকে ৫ জনকে পুরস্কৃত করা হবে। সনদপত্র এবং ভবিষ্যৎ উন্নয়নে বিটিআরসির সহায়তার সুযোগ দেয়ার পাশাপাশি বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে ৩ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ১ লাখ ৫০ হাজার টাকা, তৃতীয় উদ্ভাবনকে ১ লাখ টাকা পুরস্কার হিসেবে দেয়া হবে। এছাড়াও চতুর্থ পুরস্কার হিসেবে ৭৫ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ৫০ হাজার টাকা দেয়া হবে।
মেলার সমাপনী অনুষ্ঠান উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলাম (রুটিন দায়িত্ব) ও বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
এর আগে গত ১৭ মে অনুষ্ঠিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবসেও টেলিকম খাতের উদ্ভাবনী প্রকল্প নিয়ে মেলা করেছিলো বিটিআরসি।







