কৃষিব্যাংককে প্রযুক্তিতে গুরুত্বারোপ করতে বলেছেন গভর্নর

কৃষিব্যাংককে প্রযুক্তিতে গুরুত্বারোপ করতে বলেছেন গভর্নর
১১ মে, ২০২৬ ১৪:০৮  

বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্বিক আর্থিক পরিস্থিতি, খেলাপি ঋণ, কৃষিঋণ কার্যক্রম, রেমিট্যান্স প্রবাহ ও ডিজিটাল রূপান্তর নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে বর্তমান বাস্তবতায় প্রযুক্তিনির্ভর ও আধুনিক ব্যবস্থাপনায় কৃষি ব্যাংককে এগিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন গভর্নর  মো. মোস্তাকুর রহমান। 

১১ মে, সোমবার অনুষ্ঠিত বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সঞ্চিয়া বিনতে আলী। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান উপস্থিত ছিলেন। 

বৈঠকের আলোচনা বিষয়ে সঞ্চিয়া বিনতে আলী বলেন, ব্যাংকের বর্তমান পরিস্থিতি গভর্নরের কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে সরকারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচি বাস্তবায়নে কৃষি ব্যাংক সর্বাত্মকভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে।

তিনি জানান, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে ব্যাংকটি। পাশাপাশি গত কয়েক বছরের তুলনায় ঋণ আদায়ের পরিস্থিতিতে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স আহরণেও কৃষি ব্যাংক শীর্ষ অবস্থানে রয়েছে বলে গভর্নরকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, ১ হাজার ৮৩টি শাখার বিশাল নেটওয়ার্ক সীমিত জনবল দিয়ে পরিচালনা করছে ব্যাংকটি। এ অবস্থায় সেবার মান বাড়াতে অটোমেশন ও ডিজিটালাইজেশনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর।

ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গভর্নর বলেছেন—বিশেষায়িত ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক শুধু মুনাফার জন্য কাজ করে না। তবে বর্তমান বাস্তবতায় প্রযুক্তিনির্ভর ও আধুনিক ব্যবস্থাপনায় এগিয়ে যেতে হবে। এজন্য নতুন চিন্তা ও কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

খেলাপি ঋণ আদায়ে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কর্মকর্তারা জানান, এ বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে ব্যাংকের সমস্যাগুলো গভর্নর গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদারে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

ডিবিটেক/ এমআই/ ইকে