ইবে কিনতে ৫৬ বিলিয়ন ডলারের বিশাল প্রস্তাব গেমস্টপের
ভিডিও গেম বিক্রয়কারী মার্কিন প্রতিষ্ঠান গেমস্টপ অনলাইন কেনাবেচার জনপ্রিয় মাধ্যম ইবে কেনার জন্য ৫৬ বিলিয়ন (৫ হাজার ৬০০ কোটি) ডলারের একটি বিশাল প্রস্তাব দিয়েছে। রোববার গেমস্টপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান কোহেন ইবে বোর্ডের কাছে এই প্রস্তাব পাঠান। তবে ইবে-র পরিচালনা পর্ষদ যদি এই প্রস্তাবে রাজি না হয়, তবে তিনি সরাসরি শেয়ারহোল্ডারদের কাছে গিয়ে ‘বৈরী অধিগ্রহণ’ বা প্রক্সি ফাইটের মাধ্যমে মালিকানা ছিনিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গেমস্টপ প্রতিটি ইবে শেয়ারের বিপরীতে ১২৫ ডলার দাম দিতে চায়, যা ইবে-র গত শুক্রবারের বাজার মূল্যের চেয়ে ২০ শতাংশ বেশি। এই লেনদেনের অর্ধেক অর্থ নগদে এবং বাকি অর্ধেক গেমস্টপের শেয়ারের বিনিময়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
অ্যামাজনের সাথে পাল্লা দেওয়ার পরিকল্পনা
২০২১ সালের বিশ্বখ্যাত ‘মিম-স্টক’ উন্মাদনার নায়ক রায়ান কোহেন মনে করেন, ইবে এবং গেমস্টপকে একই ছাদের নিচে নিয়ে এলে এটি ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহেন বলেন, “ইবে-কে কয়েক শ বিলিয়ন ডলারের একটি প্রতিষ্ঠানে পরিণত করার স্বপ্ন দেখছি আমি।”
কোহেন তাঁর পরিকল্পনায় জানান, অধিগ্রহণের ১২ মাসের মধ্যে তিনি ইবে-র বার্ষিক খরচ ২ বিলিয়ন ডলার কমিয়ে ফেলবেন। এছাড়া গেমস্টপের বর্তমানে থাকা ১,৬০০টি স্টোরকে ইবে-র পণ্য যাচাইকরণ, সরবরাহ এবং সরাসরি বিক্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাঁর।
ছোট মাছের বড় মাছ শিকারের চেষ্টা
বাজার বিশ্লেষকরা এই প্রস্তাবকে বেশ চমকপ্রদ এবং সাহসী বলে অভিহিত করছেন। কারণ, ইবে-র বর্তমান বাজার মূলধন গেমস্টপের তুলনায় প্রায় চার গুণ বড়। গেমস্টপের বাজার মূল্য বর্তমানে প্রায় ১২ বিলিয়ন ডলার, আর ইবে-র মূল্য ৪৬ বিলিয়ন ডলার। সাধারণত ছোট কোনো কোম্পানি কর্তৃক তার চেয়ে কয়েক গুণ বড় কোম্পানিকে কেনার এমন জোর প্রচেষ্টা করপোরেট ইতিহাসে বিরল।
তবে কোহেন জানিয়েছেন, এই বিশাল অর্থের সংস্থানের জন্য তিনি ইতিমধ্যে টিডি ব্যাংক থেকে ২০ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতিপত্র পেয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন সার্বভৌম সম্পদ তহবিল থেকে বাকি বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কোহেনের বাজি ও ঝুঁকি
রায়ান কোহেন ২০২১ সালে গেমস্টপের বোর্ডে যোগ দেওয়ার পর কোম্পানিটিকে লোকসান থেকে মুনাফায় ফিরিয়ে আনতে নানা ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন। তবে বর্তমানে ডিজিটাল গেমিংয়ের প্রভাবে গেমস্টপের রিটেইল ব্যবসায় কিছুটা মন্দা চলছে—গত প্রান্তিকে তাদের আয় কমেছে ১৪ শতাংশ। অন্যদিকে ইবে সম্প্রতি প্রত্যাশার চেয়ে বেশি আয় করে বেশ শক্ত অবস্থানে রয়েছে।
গেমস্টপের এই বিশাল প্রস্তাবের বিষয়ে ইবে-র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কোহেন স্পষ্ট করে দিয়েছেন, বোর্ড রাজি না হলে তিনি ভোটের মাধ্যমে পর্ষদ দখল করার পথে হাঁটবেন।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স



