বিশ্ব অ্যাজমা দিবস ২০২৬: প্রতিটি রোগীর জন্য ইনহেলার নিশ্চিতের আহ্বান

৩ মে, ২০২৬ ১৫:৫১  

সঠিক ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে অ্যাজমা বা হাঁপানি নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং এর মূল সমাধান হলো ইনহেলার ব্যবহার। ৩ মে, রবিবার বিশ্ব অ্যাজমা দিবস-২০২৬ উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞরা এ কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— 'অ্যাজমা আক্রান্ত প্রত্যেক রোগীর জন্য ইনহেলার নিশ্চিত করা জরুরি'।

সেমিনারে মূল প্রবন্ধে এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর  ডা. এস এম আবদুল্লাহ আল মামুন ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জাফর ইকবাল জানান, জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান বায়ুদূষণ বিশ্বব্যাপী অ্যাজমা রোগীর সংখ্যা ও রোগের তীব্রতা বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণা, ধোঁয়া ও রাসায়নিক দূষণের প্রভাবে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা প্রকট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং সবার জন্য কার্যকর ও উন্নত চিকিৎসা পদ্ধতি সহজলভ্য করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিএমআরসি-র পরিচালক ডা. কাজী সাইফুদ্দীন বেননূর বলেন, একজন সুস্থ মানুষ প্রতি তিন সেকেন্ডে সহজে শ্বাস নিলেও অ্যাজমা আক্রান্তদের জন্য তা অত্যন্ত কষ্টকর। অন্যদিকে, এভারকেয়ার হসপিটালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ উল্লেখ করেন যে, এটি একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সঠিক ব্যবস্থাপনায় ঝুঁকি কমানো সম্ভব। সেমিনারের আগে সচেতনতামূলক র‍্যালি এবং ইনহেলেশনাল টেকনিক বিষয়ক একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. জিয়াউল হক এবং প্রবন্ধ উপস্থাপন করেন ডা. জাফর ইকবাল। অ্যারিস্টোফার্মার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই সভায় স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞরা রোগীদের নিয়মিত ইনহেলার ব্যবহারের অভ্যাস নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।  এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি, অক্সিজেন থেরাপি ও ইনহেলেশনাল টেকনিক বিষয়ক কর্মশালা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিবিটেক/এসএ/ইকে