বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন সচিব পদমর্যাদার কর্মকর্তা কাজী ইমদাদুল হক। চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে ৩ মে, রবিবার এ পদে যোগ দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত এই কর কমিশনার। দেশের রাজস্ব প্রশাসন, গবেষণা ও সাহিত্য অঙ্গনে তিনি সুপরিচিত ব্যক্তিত্ব।
বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের জ্যেষ্ঠ এই কর্মকর্তা তাঁর তিন দশকের দীর্ঘ কর্মজীবনে ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে তিনি লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিট (LTU)-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে মেধার স্বাক্ষর রেখেছেন। এছাড়া আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি (DTAA) বিষয়ে বৈশ্বিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে কাজী ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এম.এসসি-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি একজন বিশিষ্ট গবেষক ও লেখক; বিশেষ করে তাঁর গবেষণাধর্মী গ্রন্থ ‘কালো টাকা’ (Black Money) ব্যাপক আলোচিত। কর সচেতনতা বৃদ্ধিতে টেলিভিশনে আয়কর বিষয়ক অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে তিনি দেশের সিভিল সার্ভিস ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন।
ডিবিটেক/পিআর/এমইউএম



