বি-ট্র্যাক সল্যুশনস জীবনকে করে সহজ ও নিরাপদ

বি-ট্র্যাক সল্যুশনস জীবনকে করে সহজ ও নিরাপদ
২৮ এপ্রিল, ২০২৬ ১৬:৪১  

মানুষের জীবনযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা নিয়ে কাজ করছে দেশের প্রতিষ্ঠান বি-ট্র্যাক সল্যুশনস। অত্যাধুনিক ডিজিটাল সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি মবিলিটি, ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট, গাড়ি পার্কিং, হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত নিরাপত্তা খাতে নানা উদ্ভাবন নিয়ে এগিয়ে যাচ্ছে।

 ২৮ এপ্রিল, মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক নলেজ শেয়ারিং সেশনে গণমাধ্যমের সঙ্গে নিজেদের উদ্ভাবনী সেবা ও প্রযুক্তিগত পরিকল্পনা তুলে ধরেন বি-ট্র্যাক সল্যুশনস-এর কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটির বিভিন্ন প্ল্যাটফর্ম নগর জীবনের নানা সমস্যার সমাধানে সহায়তা করছে, কার্যক্রমের দক্ষতা বাড়াচ্ছে এবং একটি স্মার্ট ও সংযুক্ত বাংলাদেশ গঠনে অবদান রাখছে।

সম্প্রতি সামরিক জাদুঘর-এ অ্যাপভিত্তিক পার্কিং সেবা ইয়েস পার্কিং চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দর্শনার্থীরা অ্যাপ ব্যবহার করে আগাম পার্কিং স্লট বুকিং দিতে পারছেন। পাশাপাশি সরাসরি উপস্থিত হয়েও এজেন্টের মাধ্যমে পার্কিং সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে।

নলেজ শেয়ারিং সেশনে বি-ট্র্যাক সল্যুশনস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর সিদ্দিক বলেন, মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে প্রতিষ্ঠানটি একাধিক প্রযুক্তিনির্ভর সমাধান চালু করেছে। মবিলিটি সেবায় রয়েছে ইয়েস পার্কিং ও কারকোপোলো। অফিস ব্যবস্থাপনায় রয়েছে ওয়ার্কোপোলো। বাসাবাড়ির নিরাপত্তায় চালু করা হয়েছে সিমো এবং ডোরস্টেপ। ব্যক্তিগত সুরক্ষায় রয়েছে নিরাপথ। এছাড়া পরিবহন ব্যবস্থাপনায় টিএমএস এবং শিল্প কারখানা নজরদারিতে ভেলোরেট সেবা চালু রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির হেড অব প্রজেক্ট শাফায়েত আবদুল্লাহ, কী-অ্যাকাউন্ট ম্যানেজার মো. মহিউদ্দিন এবং সিনিয়র এক্সিকিউটিভ মুসবিয়া শুকরানা মাহি, নাইম হোসেন ও মিনহাজুল ইসলাম রিফাত।

মোহাম্মদ তানভীর সিদ্দিক বলেন, দেশীয় প্রতিষ্ঠান হিসেবে তারা সবসময় সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত প্রযুক্তিগত সমাধান তৈরি করছেন। এর মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে আরও আরামদায়ক করার লক্ষ্যেই সেবার পরিধি বাড়ানো হচ্ছে।

প্রতিষ্ঠানটির এসব প্রযুক্তি উদ্ভাবন ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ব্যবহার করছেন।

ডিবিটেক/ইএইচএম/ইকে