কেবল ৫ শতাংশ প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা সরবরাহকারীদের ওপর সম্পূর্ণ আস্থাশীল: সফোস
মাত্র ৫ শতাংশ প্রতিষ্ঠান তাদের সাইবার নিরাপত্তা সেবা প্রদানকারীদের ওপর সম্পূর্ণ আস্থা রাখে বলে জানিয়েছেন বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের।
নিজেদের বৈশ্বিক গবেষণার বরাতে ২৭ এপ্রিল, মঙ্গলবার জানিয়েছে, তথ্যের স্বচ্ছতার ঘাটতি নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
‘সাইবার সিকিউরিটি ট্রাস্ট রিয়েলিটি ২০২৬’ শীর্ষক এই গবেষণাটি ১৭টি দেশের ৫ হাজার প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে সাইবার নিরাপত্তায় আস্থা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে এর প্রভাব তুলে ধরা হয়েছে।
গবেষণায় দেখা যায়, ৯৫ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে তারা তাদের সাইবার নিরাপত্তা সরবরাহকারীদের সম্পূর্ণভাবে বিশ্বাস করে না। নতুন সাইবার নিরাপত্তা অংশীদারদের বিশ্বাসযোগ্যতা মূল্যায়নে ৭৯ শতাংশ প্রতিষ্ঠান সমস্যায় পড়ে। একই ধরনের চ্যালেঞ্জের কথা জানিয়েছে বিদ্যমান সরবরাহকারীদের ক্ষেত্রে ৬২ শতাংশ প্রতিষ্ঠান।
এছাড়া ৫১ শতাংশ প্রতিষ্ঠান বলেছে, আস্থার ঘাটতির কারণে তারা বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন।
প্রতিবেদন অনুযায়ী, আস্থা তৈরিতে সার্টিফিকেশন, নিরাপত্তা যাচাই, স্বচ্ছতা এবং প্রযুক্তিগত সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাইবার নিরাপত্তা কর্মকর্তারা বেশি গুরুত্ব দেন স্বচ্ছতা ও প্রযুক্তিগত পারফরম্যান্সে, আর শীর্ষ ব্যবস্থাপনা গুরুত্ব দেয় নিরাপত্তা যাচাই ও সার্টিফিকেশনে।
সফোস বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ভরযোগ্যতা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ডিবিটেক/এএ/ইকে







