কড়াইল স্কুলে হলো কিশোরীদের জন্য এআই লিটারেসি সেশন
আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি ডে ২০২৬ উপলক্ষে অ্যাকমি এআই লিমিটেড এবং জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজধানীর কড়াইল এলাকায় জাগো ফাউন্ডেশন স্কুলে কিশোরী শিক্ষার্থীদের জন্য একটি এআই লিটারেসি সেশন অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
২৭ এপ্রিল অনুষ্ঠিত এ সেশনে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মৌলিক ধারণার সঙ্গে পরিচিত করানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর বিশ্বে সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, সেশনটি শুধু এআই কী—এমন পরিচিতিমূলক আলোচনায় সীমাবদ্ধ ছিল না। বরং একটি অংশগ্রহণমূলক পরিবেশে শিক্ষার্থীদের দেখানো হয়, কীভাবে এআই তাদের দৈনন্দিন জীবন, শিক্ষা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রকে প্রভাবিত করছে। আলোচনায় এআইয়ের ভিত্তি, নৈতিক ব্যবহার, নিরাপত্তা, সুযোগ ও ঝুঁকিসহ নানা বিষয় উঠে আসে।
অ্যাকমি এআই লিমিটেডের স্ট্র্যাটেজিক সাপোর্ট লিড সুমাইয়া সিদ্দিকি বলেন, মেয়েদের এআই সম্পর্কে জানানো শুধু প্রযুক্তি শেখানো নয়, এটি অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের বিষয়। যখন মেয়েরা এআই কীভাবে কাজ করে এবং কীভাবে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হয় তা বোঝে, তখন তারা ডিজিটাল বিশ্ব গঠনে সক্রিয়ভাবে অংশ নিতে আত্মবিশ্বাস পায়।
তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ মেয়েদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং নির্মাতা ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
জাগো ফাউন্ডেশনের লিড ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট অপূর্ব কর্মকার বলেন, শিক্ষা সময়ের সঙ্গে পরিবর্তিত হওয়া জরুরি। শিক্ষাব্যবস্থায় এআই লিটারেসি অন্তর্ভুক্ত করা মানে শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের, ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। এ ধরনের অংশীদারিত্ব ডিজিটাল বৈষম্য কমাতে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাগো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি ডিজিটাল শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষাগত বৈষম্য কমাতে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছে।
আয়োজকরা মনে করেন, এই যৌথ উদ্যোগ মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা এবং ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতি দুই প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন। সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে মেয়েরা শুধু প্রযুক্তি ব্যবহারই করবে না, ভবিষ্যতের প্রযুক্তি নির্মাণেও নেতৃত্ব দেবে।
ডিবিটেক/বিআর/ইকে







