ডিজিটাল অর্থব্যবস্থায় দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ওয়াশিংটনে শুরু

ডিজিটাল অর্থব্যবস্থায় দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ওয়াশিংটনে শুরু
১৯ এপ্রিল, ২০২৬ ০৬:১২  
ওয়াশিংটনে আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক দুই দিনের সম্মেলন শুরু হয়েছে। স্থানীয় সময় ১৭ এপ্রিল, শুক্রবার  এমবাসি স্যুটস বাই হিলটন হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন ইন সার্চ অব রুট ফাউন্ডেশন (আইএসওআরএফ)।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সভাপতি মার্ক জেফ। বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক ওসমান সিদ্দিকী, সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস, সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিজ এবং ডিসি চেম্বার অব কমার্সের সহসভাপতি কিথ অ্যান্ড্রু পেরি।
সম্মেলনের প্রথম দিনে সরকারি-বেসরকারি অংশীদারত্বে আর্থিক নীতিমালা, লেনদেন সংস্কার ও ব্যয় সাশ্রয় নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে কামাল কাদীর, সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল, বিশ্বব্যাংকের জ্বালানি খাত বিশেষজ্ঞ রায়হান এলাহি এবং হারুন অর রশিদ অংশগ্রহণ করেন। তারা বলেন, গত দশকে বাংলাদেশে মোবাইলভিত্তিক আর্থিক সেবা দ্রুত সম্প্রসারিত হয়েছে এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বেড়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক লেনদেন, নিয়ন্ত্রক সমন্বয় এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে। দুই দিনের সম্মেলনে বিনিয়োগ সম্ভাবনা, ডিজিটাল ব্যাংকিং, ফিনটেক উদ্ভাবন এবং উন্নয়নশীল দেশের অর্থনীতিতে প্রযুক্তির ভূমিকা নিয়ে একাধিক অধিবেশন অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলা এই সম্মেলনের মূল লক্ষ্য।
ডিবিটেক/সিআই/ইকে