থ্রেডসে যুক্ত হচ্ছে ‘লাইভ চ্যাট’
মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডস তাদের অ্যাপে বড় ধরনের পরিবর্তন আনতে ‘লাইভ চ্যাট’ ফিচার চালুর ঘোষণা দিয়েছে। মূলত বড় বড় সাংস্কৃতিক বা ক্রীড়া ইভেন্ট চলাকালীন ব্যবহারকারীদের মধ্যে রিয়েল-টাইম বা তাৎক্ষণিক আলোচনার সুযোগ করে দিতেই এই পদক্ষেপ। এর মাধ্যমে থ্রেডস এখন সরাসরি ইলন মাস্কের মালিকানাধীন এক্স-এর (সাবেক টুইটার) সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত।
থ্রেডস কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এই ফিচারটি এনবিএ কমিউনিটির প্লে-অফ গেমগুলোর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। মালিকা অ্যান্ড্রুজ ও র্যাচেল নিকোলসের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা এই লাইভ চ্যাটগুলো হোস্ট করবেন। বর্তমানে নির্দিষ্ট কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই চ্যাট শুরু করতে পারলেও সাধারণ ব্যবহারকারীরা এখনই এটি হোস্ট করতে পারবেন না। তবে মেটা দ্রুতই বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য এই সুবিধা উন্মুক্ত করার পরিকল্পনা করছে।
খবরে বলা হয়, একটি লাইভ চ্যাটে সর্বোচ্চ ১৫০ জন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীরা টেক্সট মেসেজ, ছবি, ভিডিও, লিংক এবং ইমোজি রিঅ্যাকশন পাঠাতে পারবেন।
চ্যাটের সদস্য সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেলে বাকিরা ‘স্পেক্টেটর’ বা দর্শক মোডে আলোচনা দেখতে এবং পোলে অংশ নিতে পারবেন। ব্যবহারকারীরা ফিডের ওপরে থাকা কমিউনিটি সেকশন বা হোস্টের প্রোফাইল ছবির চারপাশে লাল রঙের লাইভ রিং দেখে এই আড্ডায় যোগ দিতে পারবেন।
শুরুতে রিয়েল-টাইম খবরের ক্ষেত্রে থ্রেডস কিছুটা পিছিয়ে থাকলেও, সম্প্রতি সার্চ ও হ্যাশট্যাগ চালুর পর এবার ‘লাইভ চ্যাট’ ফিচারের মাধ্যমে তারা এক্স-কে টেক্কা দিতে চাইছে। আগামীতে এতে কো-হোস্টিং, লক-স্ক্রিন উইজেট এবং লাইভ স্কোর আপডেটের মতো সুবিধাও যুক্ত হবে।
আপত্তিকর বার্তা রোধে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি হোস্টদের হাতেও মডারেশনের ক্ষমতা থাকবে। ফুটবল বিশ্বকাপ বা অস্কারের মতো বড় আয়োজনে এই ফিচারটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ







