১০০ দেশের হাতে ফোন হ্যাক করার স্পাইওয়্যার: যুক্তরাজ্যের সতর্কবার্তা

১০০ দেশের হাতে ফোন হ্যাক করার স্পাইওয়্যার: যুক্তরাজ্যের সতর্কবার্তা
২৩ এপ্রিল, ২০২৬ ১৭:২০  

বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি দেশের সরকারের কাছে এমন উন্নত মানের ‘কমার্শিয়াল স্পাইওয়্যার’ বা বাণিজ্যিক নজরদারি সফটওয়্যার রয়েছে, যা দিয়ে যে কারো স্মার্টফোন বা কম্পিউটার হ্যাক করে সংবেদনশীল তথ্য চুরি করা সম্ভব। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার’ (এনসিএসসি) তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে স্পাইওয়্যার ব্যবহারের সক্ষমতা ছিল ৮০টি দেশের কাছে, যা মাত্র তিন বছরে বেড়ে এখন ১০০-তে দাঁড়িয়েছে। অর্থাৎ, অত্যন্ত গোপনীয় এই হ্যাকিং প্রযুক্তি এখন আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য হয়ে পড়েছে। এনএসও গ্রুপের ‘পেগাসাস’ বা প্যারাসনের ‘গ্রাফাইট’-এর মতো স্পাইওয়্যারগুলো মূলত স্মার্টফোনের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীর অজান্তেই ডিভাইসে প্রবেশ করে।

গোয়েন্দারা সতর্ক করেছেন যে, আগে এই প্রযুক্তি কেবল বড় ধরনের অপরাধী বা সন্ত্রাসীদের দমনে ব্যবহারের দাবি করা হলেও, এখন এর লক্ষ্যবস্তু অনেক বিস্তৃত হয়েছে। বর্তমানে সাংবাদিক, রাজনৈতিক প্রতিপক্ষ, মানবাধিকার কর্মী এমনকি ব্যাংক কর্মকর্তা এবং সম্পদশালী ব্যবসায়ীদের ওপর নজরদারি করতেও এই স্পাইওয়্যার ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের প্রধান রিচার্ড হর্ন গ্লাসগোতে এক সম্মেলনে বলেন, ব্রিটিশ কোম্পানিগুলো বর্তমান বিশ্বের এই সাইবার হুমকির ভয়াবহতা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। তিনি জানান, যুক্তরাজ্যে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সাইবার হামলাগুলোর বেশিরভাগই আসছে বিদেশি বিভিন্ন দেশের মদতপুষ্ট হ্যাকারদের কাছ থেকে। বিশেষ করে চীন-সংশ্লিষ্ট হ্যাকাররা সংবেদনশীল তথ্য চুরি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুমকিটি কেবল রাষ্ট্রগুলোর কাছ থেকেই নয়, বরং হ্যাকিং টুলগুলো ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ায় সাধারণ সাইবার অপরাধীদের হাতেও চলে যাচ্ছে। সম্প্রতি ‘ডার্কসোর্ড’ নামক একটি হ্যাকিং টুল অনলাইনে ফাঁস হয়েছে, যা ব্যবহার করে আইফোন বা আইপ্যাড হ্যাক করা সম্ভব। 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতির কারণে বিশ্বের কোটি কোটি সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: টেকক্রাঞ্চ