এনভিডিয়াকে টেক্কা দিতে গুগলের জোড়া এআই চিপ উন্মোচন

এনভিডিয়াকে টেক্কা দিতে গুগলের জোড়া এআই চিপ উন্মোচন
২৩ এপ্রিল, ২০২৬ ০৯:৩৭  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বাজারে আধিপত্য বিস্তারে এবার নিজস্ব ডিজাইনের অষ্টম প্রজন্মের দুটি শক্তিশালী চিপ উন্মোচন করেছে গুগল ক্লাউড। 'টিপিইউ ৮টি' এবং 'টিপিইউ ৮আই' নামের এই চিপ দুটি মূলত এআই চিপের বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা প্রতিষ্ঠান এনভিডিয়ার বিকল্প হিসেবে কাজ করবে।

গুগল জানিয়েছে, তাদের নতুন এই চিপ দুটি ভিন্ন কাজের জন্য তৈরি। টিপিইউ ৮টি মূলত বড় বড় এআই মডেল তৈরির বা ‘ট্রেনিং’-এর কাজে ব্যবহারের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। 

অন্যদিকে, টিপিইউ ৮আই তৈরি করা হয়েছে ‘ইনফারেন্স’-এর জন্য, যা এআই মডেলের মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর বা আউটপুট দেওয়ার প্রক্রিয়াকে আরও দ্রুত করবে। আগের প্রজন্মের চিপের চেয়ে নতুন এই সংস্করণগুলো ৩ গুণ দ্রুততর এআই ট্রেনিং নিশ্চিত করবে এবং গ্রাহকের খরচ কমাবে প্রায় ৮০ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, নিজস্ব চিপ আনলেও গুগল এখনই এনভিডিয়াকে বাজার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে না। বরং মাইক্রোসফট বা অ্যামাজনের মতো গুগলও তাদের ক্লাউড সিস্টেমে এনভিডিয়ার ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা শক্তিশালী করতে চাইছে। এমনকি এ বছরের শেষের দিকে এনভিডিয়ার সর্বাধুনিক ‘ভেরা রুবিন’ চিপও গুগল ক্লাউড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের কাছাকাছি থাকা এনভিডিয়া এআই চিপের বাজারে অপ্রতিদ্বন্দ্বী হলেও গুগল, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের নিজস্ব চিপ তৈরির এই প্রতিযোগিতা দীর্ঘমেয়াদে বাজারের চিত্র বদলে দিতে পারে। তবে আপাতত এনভিডিয়া ও গুগল একে অপরের সহযোগী হিসেবে নেটওয়ার্কিং প্রযুক্তির উন্নয়নেও একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: টেকক্রাঞ্চ