ইউটিউব টিভি ও প্যারামাউন্টের মধ্যে নতুন চুক্তি
গুগলের টিভি পরিষেবা ইউটিউব টিভি ও প্যারামাউন্টের মধ্যে নতুন চুক্তি হয়েছে, যার ফলে প্যারামাউন্টের চ্যানেল সরিয়ে দেওয়ার আশঙ্কা আর নেই। শনিবার গভীর রাতে দুই কোম্পানি এ ঘোষণা দেয়। খবর টেকক্রাঞ্চ।
চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে প্যারামাউন্টের এক মুখপাত্র জানিয়েছেন, এতে "স্ট্রিমিং অংশীদারিত্ব আরও প্রসারিত" হয়েছে। এর ফলে ইউটিউব প্রাইমটাইম চ্যানেলগুলোতে প্যারামাউন্ট+ এর স্ট্রিমিং পরিষেবা চালু থাকবে এবং শোটাইম ও বিইটি+ এর মতো পরিষেবাগুলোও যুক্ত থাকবে। গুগলও কিছু নির্দিষ্ট ইউটিউব টিভি গ্রাহকদের জন্য প্যারামাউন্ট+ সরবরাহের অনুমতি পেয়েছে।
ইউটিউব টিভি আগেও ডিজনির মতো বড় মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে বিতর্কে জড়িয়েছে। গুগল এক বিবৃতিতে বলেছে, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্যারামাউন্ট চ্যানেলগুলো—যেমন সিবিএস, সিবিএস স্পোর্টস, নিকেলোডিয়ন ইত্যাদি ইউটিউব টিভিতে থাকছে। আমাদের গ্রাহকদের ধৈর্যের জন্য ধন্যবাদ।”
এর আগে, গুগল জানিয়েছিল যে ১৩ ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো সমঝোতা না হয়, তবে ইউটিউব টিভি থেকে প্যারামাউন্টের সব কনটেন্ট, বিশেষ করে সিবিএস ও সিবিএস স্পোর্টস, সরিয়ে দেওয়া হবে। তবে, চুক্তির কাছাকাছি পৌঁছানোর পর উভয় পক্ষ স্বল্পমেয়াদি সময়সীমা বাড়িয়েছিল।
গুগল বলেছিল, তারা এমন একটি চুক্তির জন্য লড়াই করছে, যাতে গ্রাহকদের ওপর বাড়তি খরচ না চাপিয়ে আরও বেশি নমনীয়তার মাধ্যমে তাদের পছন্দের স্পোর্টস ও শো দেখার সুবিধা দেওয়া যায়।
অন্যদিকে, প্যারামাউন্টের সহ-সিইও জর্জ চীকস, ক্রিস ম্যাককার্থি এবং ব্রায়ান রবিন্স এক অভ্যন্তরীণ বার্তায় গুগলকে “বাজার অনুযায়ী ন্যায্য চুক্তিতে সম্মত হতে অনিচ্ছুক” বলে উল্লেখ করেন এবং বলেন, “একটি সফল ভিডিও পরিষেবা প্যারামাউন্ট ছাড়া সম্ভব নয়, কারণ এটি টেলিভিশন দেখার ক্ষেত্রে অন্যতম শীর্ষ মিডিয়া পরিবার।”
ডিবিটেক/বিএমটি



