হাফ-ম্যারাথনে মানুষের রেকর্ড ভাঙলো মানব রোবট
চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত হাফ-ম্যারাথনে মানব রোবট (হিউম্যানয়েড রোবট) মানুষের রেকর্ড ভেঙে দিয়েছে। বিজয়ী রোবটটি দূরত্বটি অতিক্রম করেছে ৫০ মিনিট ২৬ সেকেন্ডে। অথচ সম্প্রতি মানব অ্যাথলিট জ্যাকব কিপলিমো এই দূরত্ব অতিক্রম করেছিলেন ৫৭ মিনিটে।
রোবটের জয়, মানুষের বিস্ময়
মানুষের সঙ্গে রোবটের এই প্রতিযোগিতাটি ন্যায্য নয় বলেই মনে করছেন অনেকে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আমার গাড়িও চিতাবাঘের চেয়ে দ্রুত দৌড়াতে পারে।” কিন্তু বিগত বছরের তুলনায় এটি বিশাল উন্নতি। গত বছর এই প্রতিযোগিতায় সবচেয়ে দ্রুত রোবটটি দৌড় শেষ করেছিল ২ ঘণ্টা ৪০ মিনিটে। সেবার সংবাদমাধ্যমের এক প্রতিবেদক মন্তব্য করেছিলেন, “মানুষের জন্য এটি মোটেও চিত্তাকর্ষক সময় হবে না।”
জয়ী রোবট ও প্রযুক্তি
বার্তাসংস্থা এপি জানিয়েছে, এবারের বিজয়ী রোবটটি তৈরি করেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। তবে সবচেয়ে মজার তথ্য হলো, আরেকটি অনার রোবট ৪৮ মিনিট ১৯ সেকেন্ডে দৌড় শেষ করেছিল। কিন্তু সেটি ছিল রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত। আর ৫০ মিনিট ২৬ সেকেন্ডের রোবটটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোনোমাস) ছিল। ওজনভিত্তিক স্কোরিং পদ্ধতিতে স্বয়ংক্রিয় রোবটকেই বিজয়ী ঘোষণা করা হয়।
অংশগ্রহণ ও বাধা
বেইজিং ই-টাউন টেক হাবের তথ্যমতে, অংশগ্রহণকারী রোবটগুলোর মধ্যে প্রায় ৪০ শতাংশ স্বয়ংক্রিয় ছিল। বাকি ৬০ শতাংশ রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়েছে। সব রোবট অনারের মতো সাফল্য পায়নি। শুরুর লাইনে একটি রোবট পড়ে যায়, আবার একটি রোবট বাধায় ধাক্কা খায়।
এই প্রতিযোগিতা প্রমাণ করে, রোবটের দৌড়ানোর দক্ষতা বছরের পর বছর বাড়ছে। কিন্তু মানুষের সঙ্গে সরাসরি তুলনা করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স







