জিপি হাউসের সামনে সাবেক কর্মীদের ন্যায্য পাওনা আদায়ে বিক্ষোভ
১৬ বছর ধরে বঞ্চনার শিকার ব্যানার নিয়ে ন্যায্য ৫% বিলম্ব জরিমানা আদায়ের দাবিতে রাজধানীর জিপি হাউসের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করেছ গ্রামীণফোনের সাবেক কর্মীরা। ২ এপ্রিল, বৃহস্পতিবার সকালে “একদফা এক দাবি-৫% কবে দিবে?” স্লোগানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অর্ধশতাধিক সাবেক কর্মী অংশ নেন। তারা দীর্ঘদিনের বকেয়া, প্রতিশ্রুতি ভঙ্গ ও সময়ক্ষেপণের অভিযোগ তুলে দ্রুত পাওনা পরিশোধের দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অবৈধভাবে চাকরিচ্যুতি ও শ্রমিকদের প্রাপ্য অর্থ পরিশোধে বিলম্বের মতো বিষয়গুলো অন্যায্য এবং গ্রহণযোগ্য নয়। তারা বলেন, ন্যায্য দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, গ্রামীণফোন কর্তৃক অবৈধ টার্মিনেশন, শ্রমিকদের প্রাপ্য অর্থ আত্মসাৎ এবং প্রতিশ্রুতি ভঙ্গ একটি সুস্পষ্ট অন্যায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকের অধিকার অস্বীকার করে কোনো প্রতিষ্ঠান এই দেশে টিকে থাকতে পারবে না এবং ন্যায্য দাবির সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। বক্তারা দুর্নীতিগ্রস্ত দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
সমাবেশ আয়োজক সংগঠন জানায়, ৫% বিলম্ব জরিমানাসহ সকল বকেয়া দ্রুত পরিশোধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ডিবিটেক/এজেড/ইকে



