২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে দুর্ধর্ষ তাণ্ডব
চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, ৩৫ লাখ টাকা লুট
- ন্দনপুরায় ডিডিএন নামক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা
- পলাতক সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী ডেভিড ইমন এ ঘটনায় জড়িত
- কুড়াল দিয়ে কম্পিউটার-সার্ভার ভাঙচুর ও বেতন দেওয়ার টাকা লুট
চট্টগ্রাম নগরে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে দিন-দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এই সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় শাখা থেকে ১৪ জুলাই বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এ নিয়ে সংবদা সম্মেলনের ডাক দেয়া হয়েছে।
জানাযায়, ১৩ জুলাই, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এই তাণ্ডব চালানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১৫ থেকে ২০ জনের একটি দেশীয় অস্ত্রধারী দল অফিসে ঢুকে কুড়াল দিয়ে কম্পিউটার, ইন্টারনেট সার্ভার ও আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনার পর থেকে স্থানীয় প্রযুক্তি ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন জানান, দুই দিন আগে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) একটি বিদেশি নম্বর থেকে ফোন করে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় এই হামলা চালানো হয়।
ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির জানান, হামলাকারীরা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের তথ্যমতে, এই চক্রের অন্যতম হোতা মোবারক হোসেন ইমনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে। এর আগে এই চক্রটি স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসায় পুলিশি পাহারার মধ্যেই একাধিকবার গুলি চালিয়েছিল। বর্তমানে কারাগারে থাকা ছোট সাজ্জাদের অনুপস্থিতিতে মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান এই ৫০ জনের শুটার বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। স্থানীয় প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা এই দুর্ধর্ষ চাঁদাবাজ চক্রের হাত থেকে ইন্টারনেট ও আইটি খাতকে রক্ষা করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
//ডিবিটেক/এনএইচটি/এসএমআই//





