গ্রামীণফোন-চিকিৎসা ইন্টারন্যাশনাল চুক্তি

গ্রামীণফোন-চিকিৎসা ইন্টারন্যাশনাল চুক্তি
১ এপ্রিল, ২০২৬ ১৩:৪৩  

দেশের স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা সহজলভ্য করতে আন্তর্জাতিক চিকিৎসা সহযোগী প্রতিষ্ঠান চিকিৎসা ইন্টারন্যাশনাল এবং দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এর ফলে গ্রামীণফোন-এর জিপি-স্টার গ্রাহক ও কর্মীরা আন্তর্জাতিক হাসপাতালসমূহে অগ্রাধিকারভিত্তিক চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশে দ্রুত সময়ে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভারতের মনিপাল হাসপাতাল-এ বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

১৯ মার্চ, বুধবার চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোন-এর পক্ষে হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি, পার্টনারশিপ ম্যানেজার মুনমুন খান, নাসের আহমেদ ও খন্দকার হাসান শাহরিয়ার উপস্থিত ছিলেন। অন্যদিকে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর পক্ষে চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং ম্যানেজিং ডিরেক্টর মোঃ তানভির মোরশেদ অংশ নেন। ভারতের মনিপাল হাসপাতাল-এর সিনিয়র এক্সিকিউটিভ সোয়াতী আগরওয়াল অনলাইনে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে মুনিয়া গনি বলেন, আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের সেবা প্রদানের প্রতিশ্রুতিরই অংশ, যা দেশের বাইরে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়াবে।

অন্যদিকে, চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ তানভির মোরশেদ বলেন, “চিকিৎসা সেবাকে কোনো দেশের সীমানায় সীমাবদ্ধ রাখা যায় না। এই সমঝোতা ‘কেয়ার বিয়ন্ড বাউন্ডারি’ ধারণাকে আরও শক্তিশালী করবে।”

এসময় মনিপাল হাসপাতাল-এর প্রতিনিধি সোয়াতী আগরওয়াল জানান, বিশ্বমানের চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দিতে ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে কাজ করছে তাদের প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে জিপি-স্টার গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা আরও সহজলভ্য, কার্যকর ও সাশ্রয়ী হবে।

ডিবিটেক/কেআইবি/ইকে