আকাশ পথে চাপ বেড়েছে, দাম বেড়েছে দ্বিগুণ
ঢাকা থেকে দেশের অভ্যন্তরীণ ৮টি রুটে ফ্লাইট পরিচালনা করছে সরকারি বিমান সংস্থার পাশাপাশি ৩টি বেসরকারি এয়ারলাইন্স। রুটগুলো হচ্ছে, ঢাকা–সৈয়দপুর, যশোর, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী ও বরিশাল। দিনে প্রায় সাত হাজার যাত্রী বহন করে তারা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সেবা দেয় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা।
ফলে এসব রুটে ভিড় এড়াতে ঈদযাত্রায় অনেকের পছন্দ আকাশপথ। সময় বাঁচাতে অনেকেই তাই যাতায়াত করেন উড়োজাহাজে। তবে অন্যান্য সময়ে যেমন-তেমন, ঈদ এলে স্বল্পমূল্যে টিকিট যেন সোনার হরিণ হয়ে যায়।
একটি বহুজাতিক কোম্পানিতে চাকরিরত হাসান জাভেদ জানালেন, ছুটির সিদ্ধান্তে টিকিট কাটতে দেরি হওয়ায় সাড়ে চার হাজার টাকার টিকিট তাকে কাটতে হয়েছে আট হাজার টাকায়। তিনি বলেন, আকাশপথে যাত্রার সমস্যা ভাড়া। হঠাৎ করে দ্বিগুণ হয়ে যায়। ঈদের সুযোগে এয়ারলাইন্সগুলো চাহিদা থাক না থাক ভাড়া বাড়ায়। যেটা আমাদের জন্য অস্বস্তির।
খোঁজ নিয়ে জানা গেল, আসন্ন ঈদুল ফিতরে নীলফামারীর সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিটের চাহিদা বেশি। আগামী ২৮ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে আসন ফাঁকা নেই বললেই চলে। অতিরিক্ত চাপ থাকায় ভাড়াও বেড়েছে দ্বিগুণ। যারা আগে টিকেট কেননি তারাই পড়ছেন বিপাকে।
যেমন, ঢাকা–সৈয়দপুর আকাশ রুটে বিমান ভাড়া হচ্ছে ৪ হাজার ৮০০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে সেই টিকিট এখন দ্বিগুণের বেশি দামে বিক্রি করছে বিভিন্ন এয়ারলাইন্স। ঈদের আগে সবচেয়ে বেশি চাহিদা নীলফামারীর সৈয়দপুর রুটে। ২০ মার্চ পর্যন্ত ভাড়া কয়েক হাজার টাকা বেশি ফ্লাইটের সময়ভেদে। ৫ হাজার থেকে ১১ হাজার পর্যন্ত ভাড়া দেখাচ্ছে এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে।
বিমানের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী রুটে ঈদযাত্রার ছুটিতে ফ্লাইটগুলোতে আসন ফাঁকা নেই। কিছু ফ্লাইটে তিন-চারটি করে আসন ফাঁকা দেখা গেছে। বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারছেন যাত্রীরা।
টিকিটের দাম বৃদ্ধি বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির কারণে বিমানের টিকিটের দাম বেড়েছে। সরকার জেট ফুয়েলের দাম কমালে ফ্লাইটে যাতায়াত আরও জনপ্রিয় হবে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত রয়েছে ২১টি উড়োজাহাজ। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদ ধরে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে বেশ কিছু রুটে বিশেষ ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করার কথা জানিয়েছেন বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) আশরাফুল আলম।
আর ঈদের পর টানা এক সপ্তাহ কক্সর চাহিদা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম



