৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
৯ মার্চ, ২০২৬ ১৫:০৬  

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম- মধ্যপ্রাচ্যের এই চার রুটে তাদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

৯ মার্চ, সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রীদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।

বোসরা জানান, পরে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। 

এদিকে বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডিবিটেক/ডিএম/ইকে