থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি
পবিত্র রমজান মাসে ‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে শিশু রোগীদের জন্য একটি প্লে-জোন নির্মাণ করেছে রবি আজিয়াটা পিএলসি।
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে শৈশবের স্বাভাবিক আনন্দ অনেক সময় সীমিত হয়ে পড়ে। সেই বাস্তবতা বিবেচনায় শিশুদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। খেলনা ও রঙিন উপকরণে সাজানো এই প্লে-জোনে শিশুরা খেলার মাধ্যমে সময় কাটাতে পারছে। উদ্বোধনের দিন রবির কর্মীরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং উপহার বিতরণ করেন।
এ উদ্যোগের আওতায় রবি আরও দুটি উদ্যোগ বাস্তবায়ন করেছে। মৌলভীবাজারের মুরইছড়া চা-বাগান এলাকার একটি পুনরুজ্জীবিত স্কুলে শিক্ষাসামগ্রী, রবি ওয়াইফাই, স্মার্ট টিভি ও পানির ফিল্টার প্রদান করা হয়। পাশাপাশি চাঁদপুরের মতলব উপজেলার একটি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের ঈদের পোশাক ও উপহার দেওয়া হয়।
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, বিজ্ঞাপনের পরিবর্তে ছোট ছোট অর্থবহ উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
ডিবিটেক/টিআরএস/এমইউএম



