এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬-এ
হুয়াওয়ের ঝুড়িতে ৮ গ্লোমো অ্যাওয়ার্ড
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) বার্সেলোনা ২০২৬-এ আটটি গ্লোবাল মোবাইল (গ্লোমো) অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে। মোবাইল প্রযুক্তি, নেটওয়ার্ক উদ্ভাবন এবং ডিজিটাল সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি এ পুরস্কারগুলো পেয়েছে।
প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে রয়েছে বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, বেস্ট এআই-পাওয়ার্ড নেটওয়ার্ক সল্যুশন, বেস্ট নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সল্যুশন, বেস্ট মোবাইল অপারেটর সার্ভিস ফর কানেক্টেড কনজিউমারস, বেস্ট মোবাইল ইনোভেশন ফর কানেক্টেড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং, বেস্ট ফিনটেক অ্যান্ড ডিজিটাল কমার্স ইনোভেশন, বেস্ট ইউজ অব মোবাইল ফর অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন এবং বেস্ট মোবাইল ইনোভেশন ফর এনহ্যান্সিং দ্য লাইভস অব চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল।
জিএসএমএ আয়োজিত গ্লোমো অ্যাওয়ার্ড মোবাইল শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। মোবাইল প্রযুক্তি ও উদ্ভাবনী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়।
১৫ মার্চ, রবিবার, হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থোকে জানায়, আল্ট্রা-ব্রডব্যান্ড, মাল্টি-অ্যান্টেনা এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তির সমন্বয়ে তাদের নেটওয়ার্ক সমাধানগুলো সব ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ফাইভজি নেটওয়ার্ক উন্নয়নে সহায়তা করছে। এর মাধ্যমে অপারেটররা এআই-চালিত ও সহজে স্থাপনযোগ্য নেটওয়ার্ক তৈরি করতে পারছে, যা উচ্চ কর্মক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি কম শক্তি ব্যবহার করে।
এআই-চালিত নেটওয়ার্ক পরিচালনায় হুয়াওয়ে ও চায়না মোবাইল যৌথভাবে ‘এআই প্লাস নেটওয়ার্ক’ অপারেশন সমাধান তৈরি করেছে। অন্যদিকে স্যাটেলাইট যোগাযোগভিত্তিক নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সল্যুশন তৈরি করেছে চায়না টেলিকম ও হুয়াওয়ে।
এছাড়া ইন্দোনেশিয়ার টেলিকম অপারেটর টেলকমসেল, আফ্রিকার অপারেটর সাফারিকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগেও একাধিক গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে।
বার্সেলোনায় অনুষ্ঠিত এই বৈশ্বিক প্রযুক্তি প্রদর্শনীতে অংশ নিয়ে হুয়াওয়ে তাদের সর্বাধুনিক নেটওয়ার্ক প্রযুক্তি, এআই-চালিত সমাধান এবং ডিজিটাল পরিষেবা প্রদর্শন করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/কেআইবিআই/এমইউএম



