শাহ আমানত পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

শাহ আমানত পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান
১০ মার্চ, ২০২৬ ২২:১৮  
১১ মার্চ, ২০২৬ ১৩:০৬  

বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

পরিদর্শনকালে বেবিচকের মেম্বার (অপারেশনস) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান এবং মেম্বার (সিকিউরিটি) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করা, যাত্রীসেবার মান উন্নয়ন, যাত্রীদের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেন। পাশাপাশি আসন্ন আইকাও অডিট সফলভাবে মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

চেয়ারম্যান আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) নির্ধারিত মানদণ্ড ও সুপারিশসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।

আসন্ন আইকাও অডিট-২০২৬ সামনে রেখে  ১০ মার্চ,  মঙ্গলবার  বিমানবন্দরটি পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান।

পরিদর্শনের শুরুতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর চেয়ারম্যানকে আসন্ন আইকাও অডিট উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা জোরদার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত ব্রিফ করেন।

ব্রিফিংয়ে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়।

পরে বেবিচক চেয়ারম্যান বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিরক্ষা প্রাচীর, আগমন ও প্রস্থান এলাকা, ভিওআর স্থাপনা এবং বিমানবন্দরের অপারেশনস ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনেন।

যাত্রীদের মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে যাত্রীসেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ডিবিটেক/ডিএইচই/এমইউএম