প্যারামাউন্ট ও এইচবিও ম্যাক্স একীভূত হচ্ছে:
স্ট্রিমিং দুনিয়ায় আসছে নতুন ‘সুপার প্ল্যাটফর্ম’
স্ট্রিমিং জগতের সমীকরণ বদলে দিতে এক বিশাল পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্যারামাউন্ট গ্লোবাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্যারামাউন্ট+ এবং এইচবিও ম্যাক্স—এই দুই জনপ্রিয় প্ল্যাটফর্মকে একত্র করে একটি নতুন ও শক্তিশালী স্ট্রিমিং পরিষেবা চালু করা হচ্ছে। মূলত ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সঙ্গে প্যারামাউন্টের প্রস্তাবিত একীভবন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
প্যারামাউন্টের প্রধান নির্বাহী ডেভিড এলিসন বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে এই ঐতিহাসিক পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, বর্তমানে এই দুই প্ল্যাটফর্ম মিলিয়ে সরাসরি গ্রাহক সংখ্যা দুই কোটিরও বেশি। এলিসনের দাবি, কনটেন্ট ও উন্নত প্রযুক্তির এই মেলবন্ধন নতুন প্ল্যাটফর্মটিকে নেটফ্লিক্স বা ডিজনি প্লাসের মতো বাজারের শীর্ষস্থানীয় সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এক অপরাজিত অবস্থানে নিয়ে যাবে।
এই একীভূত প্ল্যাটফর্মে দর্শকরা একই ছাদের নিচে পাবেন বিশ্বের জনপ্রিয় সব সিনেমা ও সিরিজ। একদিকে এইচবিও-র ‘গেম অফ থ্রোনস’, ‘দ্য লাস্ট অফ আস’, ‘সাকসেশন’ এবং ‘হ্যারি পটার’-এর মতো মহাকাব্যিক সিরিজগুলো থাকবে; অন্যদিকে প্যারামাউন্টের ‘মিশন ইম্পসিবল’, ‘টপ গান’, ‘ইয়েলোস্টোন’ এবং ‘স্টার ট্রেক’-এর মতো ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিগুলো যুক্ত হবে। এছাড়া ডিসি ইউনিভার্সের সুপারহিরো সিনেমা এবং শিশুদের জনপ্রিয় শো ‘স্পঞ্জবব’-ও মিলবে এই একীভূত লাইব্রেরিতে।
তবে বিশাল এই একীভবনের মাঝেও এইচবিও-র স্বকীয়তা নিয়ে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট করেছেন এলিসন। তিনি জানান, এইচবিও একটি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে নিজের স্বতন্ত্র মর্যাদা বজায় রাখবে। কেসি ব্লয়েজের নেতৃত্বে এইচবিও-র বর্তমান কনটেন্ট বিভাগ যেভাবে সৃজনশীল স্বাধীনতা নিয়ে কাজ করছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলিসনের ভাষায়, "এইচবিও-কে এইচবিও হিসেবেই থাকতে হবে। আমরা চাই তারা তাদের মান বজায় রেখে আরও এগিয়ে যাক।"
প্রযুক্তিগত দিক থেকেও বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে প্যারামাউন্ট। চলতি বছরের মাঝামাঝি সময়ে তারা তাদের বিভিন্ন পরিষেবাকে একটি অভিন্ন প্রযুক্তিগত কাঠামোর (Unified Tech Stack) আওতায় নিয়ে আসবে। এর ফলে দর্শকরা আরও স্মুথ ইউজার ইন্টারফেস এবং উন্নত স্ট্রিমিং অভিজ্ঞতা পাবেন। এছাড়া লাইভ স্পোর্টস হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং সিএনএন বা সিবিএস-এর মতো লাইভ নিউজ চ্যানেলগুলোও এই প্ল্যাটফর্মের বড় আকর্ষণ হতে যাচ্ছে।
২০২৬ সালের শুরু থেকেই এই একীভবন নিয়ে বাজারে গুঞ্জন ছিল। শুরুতে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার আগ্রহ দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্যারামাউন্টের প্রস্তাব গ্রহণ করে ওয়ার্নার ব্রাদার্সের পরিচালনা পর্ষদ। বাজার বিশ্লেষকদের মতে, এই একীভবন সফল হলে বিশ্বজুড়ে স্ট্রিমিং ব্যবসার এক নতুন যুগের সূচনা হবে, যেখানে গ্রাহকরা একটি সাবস্ক্রিপশনেই বিশাল কনটেন্ট ভাণ্ডারের নাগাল পাবেন।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম







